পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে বিএপিএলসির ভূমিকা গুরুত্বপূর্ণ : বিএসইসি চেয়ারম্যান

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারের মূল চালিকাশক্তি তালিকাভুক্ত কোম্পানিগুলো। তাই বাজারের উন্নয়ন ও যেকোনো ধরনের সংস্কারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে বিএপিএলসির নবনির্বাচিত নির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় চেয়ারম্যান ছাড়াও বিএসইসির কমিশনার মু: মোহসিন চৌধুরী, কমিশনার মো: আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখ, কমিশনার মো: সাইফুদ্দিন, নির্বাহী পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) নবনির্বাচিত নির্বাহী কমিটিকে বিএসইসির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় এবং দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, দেশ, দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের স্বার্থে যার যার অবস্থান থেকে সবাইকে সঠিক কাজটি করতে হবে এবং জবাবদিহিতার সাথে দায়িত্ব পালন করতে হবে। পুঁজিবাজারের কল্যাণে ও উন্নয়নে বিএসইসি বরাবরই তৎপর রয়েছে এবং এক্ষেত্রে কমিশন অংশীজনদের সবরকম সহায়তা করবে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ অংশীজন হলো বিএপিএলসি। পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারের ক্ষেত্রে বিএপিএলসির ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।’ তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং শেয়ারহোল্ডার তথা বিনিয়োগকারীদের স্বার্থের সুরক্ষা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেন।

বিএপিএলসির পক্ষ থেকে সংগঠনটির সভাপতি ও ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ এবং বিএপিএলসির নির্বাহী কমিটির সদস্য- এনার্জিপ্যাক পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ুন রশিদ, এশিয়া ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: ইমাম শাহীন, প্রভাতী ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মো: জাহিদুল ইসলাম, ইস্টার্ন ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কুমার সাহা, রবি আজিয়াটার পরিচালক শরীফ শাহ জামাল রাজ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামসুল ইসলাম, সামিট পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব:) ড. মনিরুল ইসলাম আখন্দ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক মো: শরীফ হাসান, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক জিয়াদ রহমান এবং বিএপিএলসির সেক্রেটারি জেনারেল মো: আমজাদ হোসেন অংশগ্রহণ করেন।