কাতারের বিমান ঘিরে ট্রাম্পের আয়োজন

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

কাতারের রাজপরিবারের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া উপহার বোয়িং ৭৪৭-৮ আই জাম্বো জেট বিমানটির ব্যাপক রূপ বদল শুরু হয়েছে। এই রাজকীয় উপহারের ঝলক স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। বিশাল এই বোয়িং বিমানটিকে আপাতত ওয়াশিংটন নতুন সরকারি বিমান তথা এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত এই ধরনের একটি বিমানের আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি ডলার। নতুন এই সংযোজনকে শুধু বিমান বলা ভুল হবে, একে একটি ‘উড়ন্ত হোয়াইট হাউজ’ বললেও অত্যুক্তি হয় না।

মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আকাশে ওড়ার আগে শিগগিরই বিমানটির ‘চূড়ান্ত পরীক্ষা’ বা ‘কমিশনিং ফ্লাইট’ শুরু করা হবে। বোয়িং থেকে অর্ডার করা নতুন বিমানগুলো ২০২৮ সালের মধ্যে সরবরাহ না হওয়া পর্যন্ত কাতারের এই জেটটি একটি ‘সেতু’ বিমান হিসেবে কাজ করবে। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট যে বিমান দু’টি ব্যবহার করেন, সেগুলো মূলত ১৯৯০ সালের শুরু থেকে সেবা দেয়া বোয়িং ৭৪৭-২০০ সিরিজের ‘ভিসি ২৫ এ’ মডেলের বিমান। দীর্ঘদিন ধরে পৃথিবীর অন্যতম নিরাপদ ও প্রযুক্তিসমৃদ্ধ বিমান হিসেবে পরিচিত হলেও এগুলোর বয়স বেড়ে যাওয়ায় এবং রক্ষণাবেক্ষণ জটিল হয়ে পড়ায় মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরেই নতুন প্রজন্মের বিমান খুঁজছিল। উল্লেখ্য, ‘এয়ার ফোর্স ওয়ান’ নির্দিষ্ট কোনো বিমানের নাম নয়, মার্কিন বিমানবাহিনীর যেকোনো বিমান যখন মার্কিন প্রেসিডেন্টকে বহন করে, তখনই তার এই নামকরণ হয়।

কাতারের দেয়া এই নতুন ৭৪৭-৮ আই বিমানটিকে আমেরিকার পতাকার রঙের অনুকরণে লাল, সাদা ও গাঢ় নীল রঙে সাজানো হয়েছে এবং এর লেজে রয়েছে একটি ঢেউখেলানো মার্কিন জাতীয় পতাকা। তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগকে দেয়া এই অসামরিক বিমানটি সরাসরি প্রেসিডেন্টের ব্যবহারের উপযোগী নয়। এটিকে একটি বিশেষ সামরিক মানের নিরাপদ উড়ন্ত কমান্ড সেন্টারে পরিণত করতে পরিকাঠামোগত পরীক্ষা ও ব্যাপক পরিবর্তনের এক দীর্ঘ ও জটিল প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন বিমানটিতে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি, ইলেকট্রনিক সুরক্ষা ব্যবস্থা, শত্রুপক্ষের নজরদারি বা আক্রমণ শনাক্ত করার গোপন প্রযুক্তি এবং এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা যুক্ত করা হচ্ছে। উপগ্রহের মাধ্যমে অত্যন্ত সুরক্ষিত এই ডেটা নেটওয়ার্কের ফলে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা আন্তর্জাতিক সঙ্কটের সময় প্রেসিডেন্ট বিমানে বসেই হোয়াইট হাউজ, সামরিক কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সাথে জরুরি যোগাযোগ রক্ষা করতে পারবেন।

এ দিকে এই মহামূল্যবান উপহারকে কেন্দ্র করে আমেরিকার রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ট্রাম্পের বিরোধীরা একটি বিদেশী সরকারের কাছ থেকে এত মূল্যবান বিমান উপহার নেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও স্বার্থের প্রশ্ন তুলতে শুরু করেছেন।