৪ জেলায় নিহত ৪
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় গতকাল চার জেলায় নিহত হয়েছেন চার জন।
নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীতে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। জলঢাকা উপজেলার তিস্তা সেচখালের পরিদর্শন সড়কের কাঠালী দেশীবাড়ি মুন্সিপাড়া নামক স্থানে শনিবার এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম নুর ইসলাম (৪৩)। তিনি জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের ইউনিয়নের সবুজপাড়া গ্রামের ওছমান আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, নুর ইসলাম ওই পথে জলঢাকার দুন্দিবাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা সেচখালের পরিদর্শন সড়কের ধারে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা জানান, নরসিংদীর মনোহরদীতে ট্রলি থেকে ছিটকে পড়ে আব্দুস ছাত্তার (২২) নামে এক যুবক নিহত হয়েছে।
শনিবার সকালে মনোহরদীর চরমান্দালিয়া বেকারির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্তার উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং পেশায় ট্রলির ড্রাইভার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ছাত্তার স্থানীয় ভাই ভাই ব্রিকস ফিল্ড থেকে ট্রলিভর্তি ইট নিয়ে চরমান্দালিয়া এলাকায় এক গ্রাহকের বাড়িতে যায়। ইট রেখে খালি ট্রলি নিচু জমি থেকে রাস্তায় ওঠার সময় প্রবল ঝাঁকুনিতে ছিটকে গিয়ে গাছের সাথে চাপা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় দীপন চন্দ্র নাথ (৪২) নামে এক ভ্যানগাড়ি চালক নিহত হয়েছে। এ সময় আরো এক পথচারী আহত হয়। শনিবার সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত দীপন মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার হিরালাল চন্দ্র নাথের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীপন রিকসাভ্যানযোগে বিভিন্ন বেকারি পণ্য সরবরাহ করত। প্রতিদিনের মতো শনিবার সকালে গোডাউন থেকে পণ্য নিয়ে কমলদহ থেকে বড়দারোগাহাট যাচ্ছিল। এ সময় চট্টগ্রামমুখী একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে সে ভ্যান থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুত্বর আঘাত পায়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় এক পথচারী আহত হয়েছে। তাকে উদ্ধার করে চমেকে প্রেরণ করা হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুর পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা যাত্রী এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই নারী যাত্রী।
শনিবার বিকেল পৌর শহরের নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন সার্বিক তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মাহফুজ রহমান শিষ (১৫)। তিনি ফিরোজ শাহের ছেলে। আহতরা হলেন মাহমুদা বেগম (৩৫) ও নরুন্নাহার বেগম (৪৫)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন সার্বিক পাম্পের সামনে যাত্রীসহ একটি অটোরিকশা মোস্তফাপুরে যাচ্ছিল। এ সময় অটোরিকশাটি ইউটার্ন নিতে গেলে পিছন থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে অটোরিকশার ওপর আছড়ে পরে। এতে অটোরিকশার থাকা মাহফুজ রহমান শিষ নামে এক কিশোর ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হন অটোরিকশায় থাকা আরও দুই নারী যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠালে মাহফুজ রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।