আসন্ন নির্বাচন ইতিহাসের অংশ হয়ে থাকবে : ডিএমপি কমিশনার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আসন্ন নির্বাচন ইতিহাসের অংশ হয়ে থাকবে। ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও গণভোটে দল ও মতের ঊর্ধ্বে থেকে একটি ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো: সাজ্জাত আলী। গতকাল বুধবার রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘিত হলে প্রার্থীদের নিরাপত্তা বিঘিœত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সবাই যেন আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করেন সে বিষয়ে নজর রাখতে হবে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যেন নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। কোনো ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন কোনো রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে সে বিষয়ে নজর রাখতে হবে। নির্বাচনে যাতে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ না ওঠে সে বিষয়ে সব পুলিশ সদস্যকে তিনি সতর্ক করেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো: সরওয়ার বলেন, দায়িত্বপ্রাপ্ত সব পুলিশ সদস্যকে নির্বাচনী আচরণ বিধিমালা মেনে দায়িত্ব পালন করতে হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো: নজরুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাসিক অপরাধ সভায় ডিসেম্বর মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদেরকে পুরস্কৃত করা হয়।