কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার লক্ষ্যে জাতীয় সংসদে জরুরি বিল উত্থাপনের জন্য সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। একইসাথে আগামী ২ অক্টোবর রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক চকবাজার শাহী মসজিদে ‘খতমে নবুওয়ত মহাসম্মেলন’ আয়োজনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলূম, দিলু রোড মাদরাসা মিলনায়তনে সংগঠনের সাব-কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সভাপতি ও সাব-কমিটির আহ্বায়ক মাওলানা জুনায়েদ আল হাবিব।

বৈঠকে জানানো হয়, আগামী ২ অক্টোবর বাদ জুমা চকবাজার শাহী মসজিদে ‘খতমে নবুওয়ত মহাসম্মেলন’ অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে এবং খতমে নবুওয়তের আকিদাগত বিষয়টি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে বিশেষ পুস্তিকা, পোস্টার ও লিফলেট প্রকাশ করে সারা দেশে বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ ছাড়া আগামী ১৬ ও ১৭ অক্টোবর তেজগাঁও ইমাম খতীব উলামা পরিষদের উদ্যোগে অনুষ্ঠেয় ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনে ‘আকিদায়ে খতমে নবুওয়ত’ শীর্ষক আলোচনা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

সভাপতির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, খতমে নবুওয়ত ঈমানের মূল ভিত্তি। কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে আলেম-উলামা ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রান্তিক ও তৃণমূল এলাকায় দাওয়াতি কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনের মহাসচিব ও সাব-কমিটির সমন্বয়ক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার লক্ষ্যে আসন্ন সংসদ অধিবেশনে কার্যকর বিল উত্থাপন করা উচিত। এ বিষয়ে সরকার ও বিরোধী দলের সব সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, তাদের দাবি বাস্তবায়ন না হলে সংগঠনটি আরো কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত নিতে পারে।

বৈঠকে ঢাকা মহানগরীর জোন কমিটিগুলো পূর্ণাঙ্গ ও সক্রিয় করার লক্ষ্যে পাঁচ সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়। কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী সালাহউদ্দিন, কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুল কাইয়ুম কাসেমী, মুফতী গাজী ইয়াকুব উসমানী, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ এবং ঢাকা মহানগর দাওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা এহতেশামুল হক সাখী।

বৈঠকে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতী কিফায়াতুল্লাহ আজহারীসহ কেন্দ্র ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।