জাবিতে ভর্তি পরীক্ষা শুরু আজ
Printed Edition
আতাউর রহমান জাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আজ রোববার ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে। এ বছর মোট সাতটি ইউনিটে এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন দুই লাখ ১৯ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে গড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১৯ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, প্রথম দিনের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় (কলা ও মানবিক অনুষদ এবং আইন অনুষদ) ৪৬৬টি আসনের বিপরীতে ৪৭ হাজার ৪৯৭টি আবেদন জমা পড়েছে, এতে প্রতি আসনে লড়ছেন ১০১ জন। এ ছাড়া ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ) ৪২৬টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৬০ হাজার ৩৫১টি, যেখানে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪১ জন শিক্ষার্থী। ‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ) ৩২৬টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২০ হাজার ৫৮৩টি এবং প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী ৬৩ জন। ‘সি-১’ ইউনিটে (নাট্যতত্ত্ব ও চারুকলা) ৬৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে তিন হাজার ৭২৫টি, যেখানে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী ৫৮ জন। এ দিকে ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৩১০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৭০ হাজার ২২০টি, যা সর্বোচ্চ- প্রতি আসনে ২২৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য দিকে ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১১ হাজার ৬১২টি এবং প্রতি আসনে লড়ছেন ৫৮ জন। এ ছাড়া আইবিএ-জেইউ ইউনিটে ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে পাঁচ হাজার ৪১১টি, যেখানে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯৮ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ ‘সি’ ইউনিটের পরীক্ষা সকাল ৯টা থেকে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত মোট ছয়টি শিফটে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম তিনটি শিফটে ছাত্রীদের এবং পরবর্তী তিনটি শিফটে ছাত্রদের পরীক্ষা নেয়া হচ্ছে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নিরাপত্তা, যাতায়াত ও সার্বিক ব্যবস্থাপনায় একাধিক উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষার্থীদের জন্য পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত ৯টি নির্দেশনা মানতে বলা হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল রাজনৈতিক, সামাজিক সংগঠন ও জেলা সমিতির উদ্যোগে পরীক্ষার্থীদের সহায়তা এবং অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থাসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আগামীকাল ২২ ডিসেম্বর ‘বি’ ও ‘ই’ ইউনিট, ২৩ ডিসেম্বর ‘সি-১’ ও ‘ডি’ ইউনিটের একাংশ এবং ২৪ ডিসেম্বর ‘ডি’ ইউনিটের বাকি অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৮ ডিসেম্বর ‘এ’ ইউনিটের একাংশ ও আইবিএ-জেইউ এবং ২৯ ডিসেম্বর ‘এ’ ইউনিটের বাকি অংশের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ হবে। প্রতিদিন একাধিক শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।