ঠাকুরগাঁওয়ে হঠাৎ প্রকাশ্যে আওয়ামী লীগ নেতারা

Printed Edition

রুহিয়া (ঠাকুরগাঁও) সংবাদদাতা

ঠাকুরগাঁও সদরের রুহিয়ায় ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকেই রাজনৈতিক দৃশ্যপট ছিল থমথমে। কিন্তু কয়েক দিনে সেখানে এক ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে থাকা আওয়ামী লীগের প্রথম সারির কয়েকজন নেতাকে হঠাৎ জনসমক্ষে দেখা যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন।

গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় রুহিয়া পোস্ট অফিস এলাকা ও চৌরাস্তায় হঠাৎই দেখা মেলে চেনা কিছু মুখের। স্থানীয়রা জানান, রুহিয়া থানা আওয়ামী লীগের দফতর সম্পাদক গণেশ চন্দ্র সেন এবং ইউনিয়ন সাধারণ সম্পাদক দুলাল রব্বানীকে প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা গেছে। শুধু তা-ই নয়, যুবলীগ নেতা মোস্তফা পান্ডেকসহ আরো ডজনখানেক নেতাকেও বিভিন্ন স্থানে সক্রিয় হতে দেখা যাচ্ছে। হাট-বাজারে চায়ের কাপে এখন একটাই আলোচনা আওয়ামী লীগের নেতারা কি তবে রাজনীতির মাঠে ফিরছেন?” স্থানীয় প্রবীণ রাজনৈতিকদের মতে, তৃণমূলের সাংগঠনিক শক্তির পরীক্ষায় রুহিয়া বরাবরই আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। নেতাদের এই ফিরে আসাকে দু’টি দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে।

তবে স্থানীয় প্রবীণ রাজনীতিবিদদের মতে, এটি স্রেফ ব্যক্তিগত উপস্থিতি নয় বরং একটি বড় ধরনের সাংগঠনিক মহড়া হওয়ার সম্ভাবনাই বেশি। হঠাৎ এই উপস্থিতিকে ভালো চোখে দেখছে না বিরোধী রাজনৈতিক শিবির। তাদের দাবি, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অনেক নেতার বিরুদ্ধেই মামলা রয়েছে। আইনি ফয়সালা হওয়ার আগে তাদের এই প্রকাশ্য বিচরণ এলাকায় উত্তেজনা ছড়াতে পারে।

অন্য দিকে প্রশাসনের নীরবতা নিয়েও সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

রুহিয়া থানার ওসি বদিউজ্জামানের সাথে মোবাইলে কথা হলে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।