ওয়েডের বাংলায় বলা কথা রাখলেন রিশাদ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এক দিকে, অন্য দিকে অস্ট্রেলিয়ায় চলছে বিগ ব্যাশ। বিপিএল ছেড়ে এবার বিগ ব্যাশে খেলছেন বাংলাদেশের রিশাদ হোসেন। বিপিএলের জন্য গত আসরে হোবার্ট হ্যারিকেন্সে সুযোগ পেয়েও খেলা হয়নি তরুণ এই লেগ স্পিনারের। সেই সুবাদে মধুর সম্পর্ক তৈরি হচ্ছে অস্ট্রেলিয় সতীর্থদের সাথে। তার প্রমাণও মেলে গতকাল হ্যারিকেন্সের উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েডের কথায়। পাওয়ার প্লের শেষ ওভারে গতকাল বল হাতে রিশাদ। উইকেটের পেছন থেকে বাংলায় ‘উইকেট নাও’ ‘উইকেট নাও’ বলছেন ওয়েড। পরের বলেই উইকেট নিয়ে তার কথাও রেখেছেন বাংলাদেশী এই স্পিনার। ওভারের শেষ বলে নিখিল চৌধুরীর তালুবন্দী করে সাজঘরে পাঠান ৩ রান করা হ্যারি মানেন্টিকে। এরপর নিলেন আরো দুই উইকেট। সব মিলে ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নিলেন রিশাদ। ৮ ম্যাচে এখন পর্যন্ত ১১ উইকেট নিয়ে আসরে উইকেটশিকারির তালিকায় ষষ্ঠ বাংলাদেশের এই লেগ স্পিনার।

হোবার্টে গতকাল টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান করে রিশাদের দল হোবার্ট হ্যারিকেন্স। দলের হয়ে পঞ্চাশের দেখা পাননি কোনো ব্যাটার। ১২ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন মিচেল ওয়েন। কিন্তু লক্ষ্য তাড়ায় ৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে অ্যাডিলেড। রিশাদের করা ষষ্ঠ ওভারের শেষ বলে ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে আরো বিপাকে পড়ে যায় অ্যাডিলেড। এর মাঝেও এক প্রান্ত আগলে রেখে ৯১ রানে লিয়াম স্কট অপরাজিত থাকলেও তা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। ৯ উইকেটে ১৪১ রানেই থেমে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্স। ৩৭ রানের জয় রিশাদের হোবার্টের। ৭ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নাথান এলিস।