নাটোর-১ আসনে ৩টি মনোনয়ন বাতিল

Printed Edition

লালপুর (নাটোর) সংবাদদাতা

নাটোর-১ আসনে তিনটি মনোনয়ন বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার বাছাইপর্ব শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন এ তথ্য জানান। তিনি বলেন, নাটোর-১ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে মোট ১৩টি মনোনয়ন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য সঠিক থাকায় ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাকি তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন- মো: আজাবুল হক (খেলাফত মজলিস), মো: সেন্টু আলী (গণসংহতি আন্দোলন) ও মো: বাবু হোসেন (বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দল)।

রিটার্নিং কর্মকর্তা জানান, বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর ক্ষেত্রে নাগরিকত্ব সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ, এক শতাংশ ভোটার তালিকা সংযুক্ত না করা, জামানতের অর্থ জমা না দেয়া কিংবা দলীয় প্রার্থী হিসেবে প্রয়োজনীয় প্রত্যয়নপত্র দাখিল না করার মতো ত্রুটি ছিল। তিনি আরো জানান, বিধি অনুযায়ী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।