রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনী সেতুর নিচে জিরানি খাল থেকে মো: জজ মিয়া (৪৪) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো: আবদুল্লাহ (৩৩) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দুপুরে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য জানান।
নিহত জজ মিয়া নারায়ণগঞ্জের বন্দর এলাকার মো: আনোয়ার হোসেনের ছেলে। তিনি রাজধানীর খিলগাঁও এলাকায় বসবাস করতেন। অন্যদিকে গ্রেফতার আবদুল্লাহকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জিরানি খাল থেকে জজ মিয়ার লাশ উদ্ধার করা হয়। পরে আঙুলের ছাপ মিলিয়ে তার পরিচয় নিশ্চিত করা হয়। এরপর ঘটনাটি তদন্ত শুরু করে খিলগাঁও থানা পুলিশ। তদন্তের একপর্যায়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আবদুল্লাহকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জজ মিয়ার সাথে তার এক সহযোগীর স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানান। এ সম্পর্কের জেরেই হত্যাকাণ্ড ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জজ মিয়া খিলগাঁওয়ের বাসা থেকে বের হন। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি মেরুল বাড্ডার মিন্টুর গ্যারেজে যান। সেখানে আগে থেকেই আবদুল্লাহসহ কয়েকজন অবস্থান করছিলেন।
পুলিশ বলছে, সেখানে ধারালো চাকু দিয়ে আঘাত করে জজ মিয়াকে হত্যা করা হয়। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে তার লাশ জিরানি খালে ফেলে দেয়া হয়।
এ ঘটনায় জজ মিয়ার স্ত্রী রোজিনা আক্তার খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেছেন।