জাতীয় উন্নয়নে যুবসমাজের সক্রিয় ভূমিকা অপরিহার্য : এহসানুল মাহবুব জুবায়ের
Printed Edition
সিলেট ব্যুরো
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তাদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের ওপরই জাতির ভবিষ্যৎ নির্ভরশীল। তাই যেকোনো পরিস্থিতিতে যুবকদের সাহস, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার সাথে দেশের জন্য ভূমিকা রাখতে হবে।
গত শনিবার বিকেলে সিলেট নগরের নয়াসড়কের একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশে বিপুলসংখ্যক যুবক বেকার। মাদক ও জুয়ার বিস্তারে যুবসমাজের নৈতিক অবক্ষয় ঘটলেও কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। এক্ষেত্রে আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার লক্ষ্যে জামায়াত কাজ করছে। যুবসমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন সিলেট জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা লোকমান আহমেদ। সঞ্চালনা করেন বিভাগের সেক্রেটারি নাজমুল হাসান শিকদার। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। দারসুল কোরআন পেশ করেন জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।
সম্মেলনে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং যুবসমাজকে জাতীয় সঙ্কট মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।