১৪তম বর্ষে পদার্পণ : মজবুত আর্থিক ভিত্তির ওপর দাঁড়িয়ে এসবিএসি ব্যাংক
Printed Edition
আর্থিক সূচকে ইতিবাচক ধারা বজায় রেখে মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়েছে এসবিএসি ব্যাংক পিএলসি। ব্যাংকের আমানত, ঋণ, বৈদেশিক বাণিজ্য ও রেমিট্যান্স প্রবাহসহ প্রতিটি ক্ষেত্রে স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস এম মঈনুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: মোখলেসুর রহমান। ২০১৩ সালের ৩ এপ্রিল যাত্রা শুরু করা ব্যাংকটি বর্তমানে ৯০টি শাখা, ৩২টি উপশাখা এবং ৭৭টি এটিএম বুথের মাধ্যমে সেবা দিচ্ছে। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ১০টি শাখার মাধ্যমে শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকিং এবং অফশোর ব্যাংকিং কার্যক্রমও পরিচালনা করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকটি।
অনুষ্ঠানে জানানো হয়, ব্যাংকের মোট আমানত ১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১ হাজার কোটি এবং ঋণ ও অগ্রিম ৭.৫ শতাংশ বেড়ে সাড়ে ৯ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। বর্তমানে ব্যাংকের মোট সম্পদ ১৩ হাজার ৩৬০ কোটি টাকা।
ঋণ-আমানত অনুপাত (এডিআর) ৮২ শতাংশ, যা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সীমা ৮৭ শতাংশের তুলনায় অনেক নিচে। ব্যাসেল-৩ অনুযায়ী মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) দাঁড়িয়েছে ১৪.২২ শতাংশ, যা ব্যাংকের শক্তিশালী আর্থিক ভিতের প্রমাণ।
চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: মোখলেসুর রহমান বলেন, ‘আমানতকারীরা আমাদের কাছে নিরাপদ। নৈতিক চর্চা ও উচ্চমানের মানদণ্ড বজায় রেখে আমরা গ্রাহক আস্থা অর্জন করেছি। আমাদের লক্ষ্য কৃষি, খাদ্য উৎপাদন এবং তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা।’
ব্যবস্থাপনা পরিচালক এস এম মঈনুল কবীর বলেন, ‘তারল্য পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় কোনো দায় পরিশোধে আমাদের বেগ পেতে হয়নি। আমরা টেকসই প্রবৃদ্ধিতে বিশ্বাসী। আমাদের মোট বিনিয়োগের ৩৬ শতাংশই সিএসএমই খাতে নিয়োজিত।’ অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: রবিউল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মো: আলতাফ হোসেন ভূঁইয়াসহ বিভাগীয় প্রধান ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।