লেবানন, সিরিয়া সীমান্তে ইসরাইলের বোমাবর্ষণ, নিহত ৪

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সিরিয়ার সাথে লেবাননের সীমান্তে একটি গাড়িতে বোমাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী, এতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়টি এক বিবৃতিতে জানায়, সোমবার স্থানীয় সময় সকালে আকাশপথে হামলাটি চালানো হয়। আলজাজিরা ও রয়টার্স।

লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে একজন সিরিয়ার নাগরিক, তার নাম খালেদ মোহাম্মদ আল-আহমদ। সামাজিক মাধ্যমে এক্সে এক পোস্টে ইসরাইলের সামরিক বাহিনী বিমান হামলার কথা নিশ্চিত করেছে। তাদের দাবি, লেবাননে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) সদস্যদের লক্ষ্যস্থল করে হামলাটি চালানো হয়েছে। তবে নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের বেকা উপত্যকার কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট মাজদাল আনজার শহরে অভিযানটি চালানো হয়েছে। এই হামলার বিষয়ে পিআইজে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

পিআইজে ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে সক্রিয় একটি সশস্ত্র গোষ্ঠী। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গাজায় হামাসের পাশাপাশি তারাও ইসরাইলের বিরুদ্ধে লড়াই করছে। পিআইজে লেবাননের হিজবুল্লাহর মিত্র।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হলে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলের উত্তরাঞ্চলে হামলা শুরু করে হিজবুল্লাহ। এর কয়েক মাসের মধ্যে ইসরাইলের সাথে তাদের পুরোদস্তুর লড়াই শুরু হয়ে যায়। ইসরাইল রাজধানী বৈরুতসহ লেবাননে ব্যাপক হামলা চালিয়ে হিজবুল্লাহকে দুর্বল করে ফেলে। এর ফলে একরকম বাধ্য হয়ে ২০২৪ এর নভেম্বরে ইসরাইলের সাথে যুদ্ধবিরতি করে হিজবুল্লাহ। কিন্তু জাতিসঙ্ঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তি লঙ্ঘন করে ইসরাইল প্রায় প্রতিদিন লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে।

জাতিসঙ্ঘের মতে, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরেও ইসরাইলি সেনাবাহিনী ১০ হাজারের বেশি বিমান ও স্থল হামলা চালিয়েছে। জাতিসঙ্ঘের অধিকার অফিস গত বছরের নভেম্বরে বলেছিল যে, যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ১০৮ জন বেসামরিক হতাহতের বিষয়টি তারা যাচাই করেছে, যার মধ্যে কমপক্ষে ২১ জন নারী এবং ১৬ জন শিশু রয়েছে।

সেই সময়কালে ইসরাইলি বাহিনী কমপক্ষে ১১ জন লেবানিজ বেসামরিক নাগরিককে অপহরণ করেছে। লেবানন গত মাসে জাতিসঙ্ঘে ইসরাইলি বাহিনীর বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছে। ইসরাইলকে আক্রমণ বন্ধ করতে এবং দেশটি থেকে সম্পূর্ণরূপে সরে যেতে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদকে চাপ দেয়ার আহ্বানও জানানো হয়েছে। ইসরাইল শুধু ২০২৫ সালের শেষ তিন মাসেই কমপক্ষে দুই হাজার ৩৬ বার লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে অভিযোগ আনা হয়েছে।

ইসরাইল লেবাননের ভূখণ্ডের পাঁচটি এলাকা দখল করে রেখেছে, ধ্বংসপ্রাপ্ত সীমান্তবর্তী গ্রামগুলো পুনর্গঠনে বাধা দিচ্ছে এবং হাজার হাজার বাস্তুচ্যুত মানুষকে তাদের বাড়িতে ফিরে যেতে বাধা দিচ্ছে।