ইউরোপীয় ইউনিয়নে ফেরা নিয়ে আইসল্যান্ডে গণভোটের ডাক

Printed Edition

ইয়েনি সাফাক

আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্ট্রুন ফ্রস্টাডত্তির জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের আলোচনা পুনরায় শুরু করা হবে কি না, সে বিষয়ে আগামী কয়েক মাসের মধ্যে একটি জাতীয় গণভোট অনুষ্ঠিত হবে। বুধবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ফ্রস্টাডত্তির বলেন, পররাষ্ট্রনীতির এ গুরুত্বপূর্ণ পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার অধিকার আইসল্যান্ডের জনগণের। পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক আইসল্যান্ডের এ সম্ভাব্য পদপেকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, আইসল্যান্ড যদি এগিয়ে আসতে চায় তবে তাদের জন্য ইইউর দরজা সবসময় খোলা রয়েছে। টাস্ক আরো বলেন, ‘পোল্যান্ডের মতো আইসল্যান্ড, নরওয়ে এবং ইউরোপের অন্যান্য দেশ একই জোটের অংশ হলে আমি খুব খুশি হব।’

আইসল্যান্ডের সাথে ইইউর সম্পর্কের বিষয়টি ২০১৫ সাল থেকে স্থবির হয়ে আছে। মাছ ধরার কোটা এবং জাতীয় সার্বভৌমত্ব নিয়ে বিরোধের জেরে তৎকালীন সরকার ২০০৯ সালে করা সদস্যপদের আবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছিল। বর্তমানে আইসল্যান্ড ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (ইইএ) এবং শেঞ্জেন এলাকার সদস্য হলেও অভ্যন্তরীণভাবে নানা অর্থনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে দেশটির নিজস্ব মুদ্রা ক্রোনা-র স্থিতিশীলতা এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ে দেশটিতে ব্যাপক বিতর্ক চলছে।