সাহায্যের আবেদন
অগ্নিদগ্ধ শিশু লামিয়ার বাঁচার আকুতি
Printed Edition
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দিনমজুর পরিবারের শিশু মেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী লামিয়া আকতার (৮) অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। তার উন্নত চিকিৎসায় প্রায় চার লাখ টাকা প্রয়োজন। অসহায় পরিবারটির পে সেই ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। তাই মানবিক সহায়তার জন্য বিত্তবান ও প্রবাসীদের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আকুতি জানিয়েছেন লামিয়ার বাবা দুলাল হোসেন। লামিয়া বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গোয়ালটলী গ্রামের বাসিন্দা। বিশ্রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি সন্ধ্যায় শীত নিবারণের জন্য বাড়ির উঠানে আগুন পোহাতে গিয়ে অসাবধানতাবশত আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে কয়েক দিন চিকিৎসায় অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার চিকিৎসকরা তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের পরামর্শ দেন।
চিকিৎসকদের বরাতে পরিবার জানায়, লামিয়ার সম্পূর্ণ চিকিৎসায় প্রায় চার লাখ টাকার বেশি প্রয়োজন হবে। ইতোমধ্যে চিকিৎসা বাবদ এক লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে। দিনমজুর বাবা দুলাল হোসেন আত্মীয়-স্বজনের সহায়তা ও সামান্য সম্পদ বিক্রি করেও বাকি অর্থ জোগাড় করতে পারছেন না। লামিয়ার স্কুলের প্রধান শিক হাজেরা খাতুন বলেন, লামিয়া একজন মেধাবী ও ভদ্র ছাত্রী। এই অসহায় শিশুটির জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা একান্ত প্রয়োজন।
অগ্নিদগ্ধ শিশু লামিয়ার জীবন রায় মানবিক সহায়তা পাঠাতে যোগাযোগ ও হিসাব নাম্বার : লামিয়ার বাবা দুলাল হোসেন (নগদ): ০১৭৭৩ ১৫৮৯০২, লামিয়ার নানার বিকাশ নম্বর: ০১৭৯৬ ৭৩৮৮১৯।