সাগর-রুনি হত্যার দ্রুত বিচার দাবি ডিআরইউর

Printed Edition
3rd-6
সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর সমাবেশ : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। গতকাল সোমবার ডিআরইউ কার্যালয়ে অনুষ্ঠিত এক সমাবেশে সংগঠনটির নেতারা এ দাবি জানান। সমাবেশে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। বক্তারা বলেন, দীর্ঘ সময় অতিবাহিত হলেও বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার এখনো সম্পন্ন হয়নি, যা সাংবাদিক সমাজ ও জনমনে গভীর হতাশার জন্ম দিয়েছে।

সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের বয়স মাত্র দেড় মাস। শান্তিপূর্ণ ও গঠনমূলক নেতৃত্বের মাধ্যমে এ হত্যার বিচার নিশ্চিত করবে- এমন প্রত্যাশা করছে ডিআরইউ। তিনি সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘরে ঢুকে সংঘটিত এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় ব্যর্থতার দায় বর্তমান সরকারের ওপরও বর্তাবে।

তিনি আরো জানান, আগামী বৃহস্পতিবার ডিআরইউর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের কাছে স্মারকলিপি দেয়া হবে। ইতিবাচক সাড়া না পেলে সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে। বক্তারা উল্লেখ করেন, সাগর-রুনি হত্যার পর থেকে বিভিন্ন সরকারের আমল অতিবাহিত হলেও মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এতে বিচারহীনতার সংস্কৃতি আরো শক্তিশালী হয়েছে বলে তারা মনে করেন।

সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, এখন পর্যন্ত কোনো সরকারই এ হত্যার তদন্তে কার্যকর উদ্যোগ নেয়নি। তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় ১২৫ বার পিছিয়েছে, যা অত্যন্ত অস্বাভাবিক। এমন চাঞ্চল্যকর মামলার তদন্ত এতবার পেছানোর নজির বিরল। সমাবেশে ডিআরইউ ও অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য দেন এবং সাগর-রুনি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।