প্রথমবার এমপি হয়েই দুই মন্ত্রণালয়ের দায়িত্বে সিলেটের আরিফুল

বন্ধ শ্রমবাজার খোলাই এখন চ্যালেঞ্জ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার থেকে মেয়র নির্বাচিত হয়েছিলেন আগেই। ২০২৬ সালের নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই আরিফুল হক চৌধুরী তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান করে নিয়েছেন। প্রায় দুই দশক পর আবারো সরকার পরিচালনা করতে যাওয়া বিএনপির মন্ত্রিসভায় ২৫ পূর্ণমন্ত্রীর একজন হলেন তিনি।

মন্ত্রী হিসেবে প্রথম দায়িত্বেই দু’টি মন্ত্রণালয়ের দায়িত্ব পড়েছে তার কাঁধে। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে গতকাল মন্ত্রী হওয়ার ডাক পাওয়ার পরই ক্লিন ইমেজের রাজনীতিবিদ আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের কাছে বলেছেন, সবাইকে নিয়ে চলবো। দল তৃণমূলের একজন কর্মীকে যেভাবে মূল্যায়ন করেছে, এর প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই।

গত ৫ নভেম্বর রাতে দলের হাইকমান্ড থেকে সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার নির্দেশনা পান আরিফুল হক চৌধুরী। এরপর তিনি এলাকায় নির্বাচনী প্রচারণায় নামেন। ৪ ডিসেম্বর তাকে আনুষ্ঠানিকভাবে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়।

এদিকে গতকাল শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে বিএনপি জোট থেকে মনোনীত ডাকসুর সাবেক ভিপি ও একজন ত্যাগী নেতা হিসেবে পরিচিত নুরুল হক নুরকে। তিনিও প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে তারেক রহমানের গুডবুকে থাকায় মন্ত্রিসভায় তালিকায় নাম উঠাতে সক্ষম হন।

সাধারণ নাগরিক ও অভিবাসী সংশ্লিষ্ট বিশ্লেষকরা বলছেন, ক্লিন ইমেজের মানুষ হিসেবে পরিচিত মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রতিমন্ত্রী নুরুল হক নুরদের দিক নির্দেশনায় বিদেশগামী কর্মীদের এবার এক দিকে যেমন স্বার্থরক্ষা হবে, তেমনি এই সেক্টরে দীর্ঘদিন ধরে যে অরাজকতা বিরাজ করছে তারও একটা সুন্দর বিহিত হবে। একই সাথে এই মুহূর্তে বাংলাদেশের বৃহৎ বন্ধ শ্রমবাজার মালয়েশিয়া, ওমান, দুবাই, মরিশাসসহ বিভিন্ন দেশের বাজার ধীরে ধীরে খুলতে পারবেন বলেও মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ব্যুরোসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও স্টেকহোল্ডারা মনে করছেন। তবে এই সেক্টরে যেসব মাফিয়া দীর্ঘদিন ধরে শ্রমবাজার সিন্ডিকেট করে কন্ট্রোলের নামে অশান্ত করে রাখার চেষ্টা করছে তাদের কতটুকু তারা নিয়ন্ত্রণ করতে পারবেন সেটি সময়ই বলে দেবে বলে এই পেশার সাথে সংশ্লিষ্টরা মনে করছেন।