চট্টগ্রামের মহাসড়কে ৬ দিন ট্রাক কভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ
Printed Edition
আসন্ন পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে সড়ক পথে যাতায়াতকারী যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘœ করতে ৪-৬ এবং ১২-১৪ জুন মহাসড়কে ট্রাক, কভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। গত মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি আয়োজিত এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সিএমপি সূত্র জানিয়েছে, দামপাড়াস্থ সিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষে সড়ক পথে যাতায়াতকারী যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘœ করার লক্ষ্যে সংশ্লিষ্ট স্টকহোল্ডারদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সিএমপি কমিশনার হাসিব আজিজ সভায় সভাপতিত্ব করেন। এ সময় তিনি সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কার্যকর ভূমিকা, সড়কে খেলাপি মোটরযান, বিধিনিষেধ আরোপকৃত মোটরযান, ঝুঁকিপূর্ণ মোটরযান প্রভৃতি এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরযান চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে কঠোর হুশিয়ারি প্রদান করেন। উক্ত সভায় গৃহীত সিদ্ধান্তের মধ্যে রয়েছে, আসন্ন পবিত্র ঈদুল-আজহা উদযাপন উপলক্ষে চট্টগ্রাম শহরের দামপাড়া, অলঙ্কার, একে খান, কাঠগড়, অক্সিজেন মোড়, বহদ্দার হাট, কদমতলী টার্মিনালসহ বিভিন্ন স্থান হতে ছেড়ে যাওয়া ও আগত মোটরযানের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করা এবং মোটরযানে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, লক্কড়ঝক্কড়, ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ গাড়ির চলাচল বন্ধ, অবৈধ পার্কিং এবং রাস্তার মাঝপথে যাত্রী উঠানামা বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ঈদ উপলক্ষে আগামী ৪-৬ জুন এবং ১২-১৪ জুন মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে কোরবানি পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন, ওষুধ, বন্দরের মালামাল পরিবহনে নিয়োজিত যানবাহন এবং গার্মেন্ট পণ্যবাহী যানবাহনের আওতামুক্ত থাকবে। এছাড়া পণ্য ও পশুবাহী যানবাহনে বিশেষ করে ফিরতি যানবাহনে যাত্রী পরিবহন ব্যতীত পশুবাহী পরিবহন যাতে চলাচলের রাস্তায় পশু উঠানামা না করে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
গভায় যেসব গার্মেন্ট প্রতিষ্ঠান তাদের শ্রমিকদের ঈদ যাত্রায় রিজার্ভ বাস ভাড়া করবেন সেসব রিজার্ভবাসের কাগজপত্রসহ তালিকা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগকে অবগত করার কথা জানানো হয়। প্রাপ্ত তালিকায় উল্লিখিত বাসের কাগজপত্র যাচাই-বাছাই করত সঠিক পাওয়া গেলে সে সব বাস ঈদযাত্রার জন্য বিবেচিত করা।