৮ বছর নিষিদ্ধ অখিলেশ রেড্ডি
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অখিলেশ রেড্ডিকে আট বছর নিষিদ্ধ করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট থেকে ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারকে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। আইসিসির দুর্নীতি দমন বিধিমালার তিনটি ধারা লঙ্ঘনের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে এই নিষেধাজ্ঞা পেয়েছেন। তার নিষেধাজ্ঞা গত বছরের ২১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে।
যুক্তরাষ্ট্রের হয়ে এখন পর্যন্ত চার টি-২০ খেলেছেন রেড্ডি। আন্তর্জাতিক টি-২০তে চার ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না হলেও এক উইকেট পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের জার্সিতে সবশেষ খেলেছেন গত বছরের এপ্রিলে কানাডার বিপক্ষে। ২৬ বছর বয়সী রেড্ডির বিরুদ্ধে আনা অভিযোগগুলো মূলত সংযুক্ত আরব আমিরাতে ২০২৫ আবুধাবি টি-টেন টুর্নামেন্ট ঘিরে। এই টুর্নামেন্টের জন্য এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) আইসিসিকে দুর্নীতি দমন কার্যক্রমের জন্য মনোনীত দুর্নীতি দমন কর্মকর্তা (ড্যাকো) হিসেবে নিয়োগ দিয়েছিল।