ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার ওয়েলসের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজেস’ (এফএফই) নামে একটি নতুন প্রতিষ্ঠান গড়ে ফিফা বিশ্বকাপসহ বড় বড় টুর্নামেন্টের শেয়ার বিক্রি করতে চেয়েছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। এর প্রতিবাদে বিশ্বকাপসহ ফিফার সব ধরনের ইভেন্ট বয়কটের হুমকি দিয়েছিল ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)। এরপর কনকাকাফ অঞ্চল এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) এর তীব্র নিন্দা জানিয়েছিল। বিশ্বজুড়ে এই ঝড়ের পর গত শনিবার সেই পরিকল্পনা বাতিল করেছে ফিফা। সিদ্ধান্ত থেকে সরে এলেও আস্থা হারিয়ে ফেলেছেন ফিফা সভাপতি ইনফান্তিনো। এতে ২০২৭-২০৩১ মেয়াদের ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর সমর্থন প্রত্যাহার করে নিয়েছে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন (এফএডব্লিউ)। পুনর্নির্বাচনে তাকে সমর্থনের চিঠি প্রত্যাহার করতে যাচ্ছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও (এফএ)।

বিশ্বকাপের সম্প্রচার ও বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ শেয়ার বিক্রি করে প্রায় ৪.২ বিলিয়ন (৪২০ কোটি) মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য ছিল। তবে বিভিন্ন সংস্থ ও অংশীদারদের তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত এই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। এই পরিকল্পনা ধসে পড়ার পর প্রথম জাতীয় অ্যাসোসিয়েশন হিসেবে ওয়েলস স্পষ্ট জানিয়ে দেয়, তারা আর ইনফান্তিনোর পাশে নেই। এক বিবৃতিতে ওয়েলস ফুটবল সংস্থা জানায়, সুশাসনের অভাব, দুর্বল নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থতা ও অংশীদারদের সাথে সঠিক যোগাযোগের ঘাটতির কারণেই তারা প্রেসিডেন্ট ইনফান্তিনোর প্রতি আস্থা হারিয়েছে।

‘দ্য টাইমস’-এর তথ্যানুযায়ী, ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনও (এফএ) পুনর্নির্বাচনে ইনফান্তিনোকে দেয়া সমর্থনের চিঠি প্রত্যাহার করতে যাচ্ছে। এর আগে গত শনিবার বিশ্ব ফুটবল পরিচালনা আরো স্বচ্ছ করতে ফিফার শাসনব্যবস্থার ‘পূর্ণাঙ্গ ও কঠোর পর্যালোচনার’ দাবি জানায় তারা।

বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করছে উয়েফা। ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক আইনজীবীদের মাধ্যমে ইনফান্তিনোকে একটি আইনি নোটিশ পাঠিয়েছে সংস্থাটি। নোটিশে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজেস সম্পর্কিত সব নথিপত্র ও তথ্য ধ্বংস না করে তা সংরক্ষণ করার নির্দেশ দেয়া হয়েছে।

ফুটবল বিশ্লেষকদের মতে, গত এক সপ্তাহে ইনফান্তিনোর একাধিক ভুল সিদ্ধান্তের কারণে নড়বড়ে হয়ে পড়েছে দীর্ঘ দিনের রাজনৈতিক শক্তি।