সহজে খুশি হন না গেরহার্ড
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
আসন্ন এশিয়ান গেমসের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের নিয়ে গঠিত বাংলাদেশ জাতীয় হকি দল গতকাল একটি প্রস্তুতি ম্যাচে ৭-১ গোলে হারিয়েছে অনূর্ধ্ব-২০ হকি দলকে। ম্যাচ শেষে দলের সামগ্রিক পারফরম্যান্স এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন প্রধান কোচ পিটার গেরহার্ড।
খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে পিটার গেরহার্ড বলেন, ‘আমি কখনোই সহজে সন্তুষ্ট হই না, আমাদের এখনো অনেক কাজ বাকি। তবে ছেলেদের পারফরম্যান্সে আমি কিছুটা বিস্মিত ও অভিভূত হয়েছি। তারা মাঠে কিছু চমৎকার মুভমেন্ট দেখিয়েছে। অনুশীলনে যা যা নিয়ে আলোচনা করেছিলাম এবং যা করেছিলাম, তারা সেটাই ম্যাচে করে দেখিয়েছে। আমরা সঠিক পথেই এগোচ্ছি।’
জাতীয় দলের বর্তমান স্কোয়াডের প্রশংসায় বলেন, ‘এই দলটিতে প্রচুর প্রতিভা রয়েছে। এদের বিশেষত্ব হলো, আপনি তাদের যা বলবেন বা অনুশীলনে যা করাবেন, তারা খুব দ্রুত তা আয়ত্ত করে ম্যাচে ফুটিয়ে তুলতে পারে। কিছু জায়গায় ঘাটতি ও সমস্যা রয়েছে- যা নিয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে।’
এশিয়ান গেমসের কঠিন চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিলেন এই কোচ, ‘আমাদের আসল লক্ষ্য দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি। কোরিয়া কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত উচ্চ ক্যালিবারের দল। তাই আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ এবং কঠোর পরিশ্রম অপেক্ষা করছে। তবে এই মুহূর্তে দল নিয়ে সামগ্রিকভাবে খুশি।’