আশাশুনিতে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Printed Edition

জিললুর রহমান সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে খোলপেটুয়া নদীর প্রবল স্রোতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত রোববার সকালে উপজেলার কাকবসিয়া খেয়াঘাটের উত্তর পাশে পাউবো বিভাগ-২ এর আওতাধীন ৭/২ পোল্ডারের প্রায় ৫০ মিটার বাঁধ আকস্মিক নদীতে বিলীন হয়ে যায়। এতে পার্শ্ববর্তী গ্রামগুলোতে লোনা পানি প্রবেশের আশঙ্কায় চরম আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্র জানায়, খোলপেটুয়া নদীর তীব্র জোয়ার ও প্রবল স্রোতের টানে বাঁধের গোড়া থেকে মাটি ধসে মুহূর্তের মধ্যে নদীগর্ভে চলে যায়। ভাঙন ক্রমশ দীর্ঘায়িত হতে থাকায় স্থানীয়রা দ্রুত পাউবো কর্তৃপক্ষকে খবর দেন। সমাজসেবক নুরুল আফসার মোর্তজা জানান, গত রোববার সকালের দিকে কাকবসিয়া খেয়াঘাটের উত্তর পাশে বাঁধের গোড়ায় হঠাৎ ধস নামে। কিছুক্ষণের মধ্যেই প্রায় ৫০ মিটার এলাকাজুড়ে বাঁধের বিশাল অংশ নদীতে ধসে পড়ে। এতে করে ভাঙন পয়েন্টের খুব কাছে থাকা বসতবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে।

আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভাঙনস্থল পরিদর্শন শেষে জানান, বাঁধের অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক। প্রতি মুহূর্তে মাটি নদীতে চলে যাচ্ছে। দ্রুত জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে টেকসই সংস্কার নিশ্চিত না করলে বিশাল জনপদ ও মৎস্যঘের রক্ষা করা কঠিন হয়ে পড়বে। এ বিষয়ে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।

সাতক্ষীরা পাউবো বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া ভাঙনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকার বেড়িবাঁধের বাইরে একটি মাটির ঘর ছিল। রোববার সকালে হঠাৎ ওই ঘরের পাশ থেকে ধস শুরু হয় এবং বাঁধের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়। খবর পাওয়ার সাথে সাথেই আমাদের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়েছি এবং ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে।

উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম জানান, ভাঙন পয়েন্টে ইতোমধ্যে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, দ্রুত পদক্ষেপ নেয়ায় বড় ধরনের কোনো বিপর্যয় ঘটবে না। তবে এলাকাবাসীর দাবি, প্রতিবছরই জোড়াতালি দিয়ে বাঁধ মেরামত করা হয়, যা স্থায়ী সমাধান নয়। তারা খোলপেটুয়ার এই আগ্রাসন থেকে বাঁচতে স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।