সোনারগাঁওয়ে মাটি চুরি করে ইটভাটায় বিক্রিতে বাধা, হামলায় আহত ২০

Printed Edition

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাতের আঁধারে কৃষিজমি থেকে ভেকু দিয়ে মাটি লুটে বাধা দেয়ায় হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজহরদী এলাকায় মাটি কাটতে গ্রামবাসী বাধা দিলে হামলা করে মাটি লুটের সাথে জড়িতরা। এ হামলায় ২০ জন আহত হয়েছে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গত রোববার সকালে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজহরদী বানিয়াপাড়া এলাকা ইট ভাটা নিকটবর্তী হওয়ার কারণে স্থানীয় শাহজাহানের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্রের সদস্যরা ওই গ্রামের সাধারণ কৃষকের জমির মাটি প্রতিদিন জোর করে রাতের আঁধারে ভেকু দিয়ে লুট করে নিয়ে যাচ্ছে। গত শনিবার রাতে কৃষি জমি থেকে মাটি কাটতে বাধা দেয়ায় জমির মালিকদের ওপর হামলা করে মাটি কাটা চক্রের সদস্যরা। হামলায় আকতার হোসেন, সাদ্দাম মিয়া, মোস্তফা কামাল, আনোয়ার হোসেন, মামুন মিয়া, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম, কবির হোসেনসহ ২০ জন আহত হয়।

আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় আহত কবির জানান, কাজহরদী এলাকার স্থানীয় প্রভাবশালী শাহজাহানের নেতৃত্বে আবু হানিফ, মহসিন মিয়া ও শানু মিয়া দীর্ঘদিন ধরে কৃষকের কৃষি জমির মাটি জোর করে রাতের আধারে লুট করে নিয়ে যাচ্ছে। তাদের কাছে এলাকায় সাধারণ কৃষক জিম্মি হয়ে পড়েছে। একজনের কৃষি জমির মাটি ক্রয় করে গভীরভাবে ভেকু দিয়ে কেটে নিয়ে পার্শ্ববর্তী জমি ভেঙে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়। গত শনিবার রাতে তারাবির নামাজের পর এলাকাবাসী তাদের মাটি কাটতে বাধা দিলে দেশীয় অস্ত্র দা, হকিস্টিক, রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিত হামলা করে।

আব্দুল আলী নামের এক কৃষকের অভিযোগ, মাটি লুট চক্রের সদস্যদের কাছে সাধারণ কৃষকরা জিম্মি হয়ে পড়েছে। রাতে পাহারা দিয়েও মাটি লুট ঠেকানো যাচ্ছে না। অভিযুক্ত শাহজাহানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আবু হানিফের অধীনে চাকরি করি। আবু হানিফ জমির মাটি ক্রয় করে ভেকু দিয়ে কেটে ইট ভাটায় বিক্রি করেন। হামলার সাথে আমি জড়িত নই।

তালতলা বাজার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন বলেন, চুরি করে কৃষকের জমির মাটি লুট করার ঘটনার সত্যতা পেয়েছি। সোনারগাঁও থানার ওসি মহিববুল্লাহ বলেন, ইতোমধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।