০১. স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে হট্টোগোল, মুখোমুখি সরকারি ও বিরোধীদল
০২. রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
০৩. মক্কা চুক্তি মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা, আমন্ত্রণ পেলে ইতিবাচকভাবে দেখা হবে: পররাষ্ট্রমন্ত্রী
০৪. নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে প্রায় সাড়ে তিনশ’, নিখোঁজ দেড় হাজার
০৫. দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
বিস্তারিত
০১. তৃতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংসদ সদস্যদের ওপর হামলা নিয়ে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ করেন। একপর্যায়ে অধিবেশন কক্ষে হট্টগোল শুরু হয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা রয়েছে কি না, তা জানতে চান জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। পরে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ সংসদ সদস্যদের ওপর হামলার বিষয়টি তুলে ধরে বক্তব্য দেন। জবাব দিতে উঠে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারলাম না। এরপরই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলের সংসদ সদস্যরা। পরে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তার বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। অসংসদীয় কিছু হলে তা এক্সপাঞ্জ করা হবে।
০২. রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করবেন। বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে আমি দল, সংসদ ও মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগ করে এসেছি। আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ। দলনিরপেক্ষভাবেই আমি আমার দায়িত্বপালন করে যাব। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে তার একমাত্র লক্ষ্য। তিনি যেকোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।
০৩. মক্কা চুক্তি বিশ্বের মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'মক্কা চুক্তি তিনটি দেশের ভেতরে হয়েছে। এতে যোগদান বা যোগদান না করার বিষয়টি এখনো আসেনি। কারণ এটা নির্ভর করছে যারা এর সদস্য তাদের অভিপ্রায়ের ওপর।' 'মক্কা চুক্তির তিন দেশ যদি অভিপ্রায় প্রকাশ করে বাংলাদেশকে এতে যুক্ত করতে তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবেই বিবেচনা করব।'
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তিটি গত ৭ আগস্ট থেকে কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, কোনো একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র আক্রমণ পরিচালিত হলে তা বাকি সব দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।
০৪. রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানের হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার দুই আসামির ডিএনএ পরীক্ষা ও ডোপ টেস্ট করা হবে। একই সঙ্গে ময়নাতদন্ত ও আসামিদের আদালতে দেওয়া জবানবন্দিতে উঠে আসা বিভিন্ন তথ্য যাচাই করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তার হওয়া সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ সংগ্রহ এবং ডোপ টেস্ট করা হবে। তিনি আরো বলেন, একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় ময়নাতদন্তে বেশ কিছু তথ্য সামনে এসেছে। নিহত শিক্ষক গণপতি চক্রবর্তীর স্ত্রী ও মেয়ে শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তে দুইজনের মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধ বা গলায় ফাঁস দেওয়ার কথা বলা হয়েছে।
০৫. বিনা দরপত্রে সরকারি ১৮টি পরিত্যক্ত বাড়ি বরাদ্দের অভিযোগে ১৯ বছর আগের দুদকের করা ১৫টি মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় দেন। রায়ে মামলার সব আসামিকেই খালাস দেয়া হয়।
চারদলীয় জোট সরকারের আমলে বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রি-সংক্রান্ত ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা দুর্নীতির অভিযোগে মির্জা আব্বাসসহ ২১ জনকে আসামি করে পৃথক ১৫টি মামলা করে দুদক। এর মধ্যে মির্জা আব্বাসসহ ১২ জনকে প্রত্যেক মামলায় আসামি করা হয়।দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত আজ মামলার অভিযোগ থেকে আসামিদের খালাস দেন।
আন্তর্জাতিক সংবাদ
০৬. নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে তিনশতে দাঁড়িয়েছে। এ ঘটনায় নেপাল ও চীনের তিব্বত অঞ্চলজুড়ে প্রায় এক হাজার ৪০০ জন নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে নেপালের পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ আরো জানায়, নেপালে নিখোঁজ ৮২৩ জনের মধ্যে ৫০০ জনেরও বেশি বিদেশী নাগরিক রয়েছেন। নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় দুই ডজনেরও বেশি দেশের পর্যটক নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে ২৮৮ জন ভারতের, ৬৩ জন যুক্তরাষ্ট্রের, ৩৪ জন অস্ট্রেলিয়ার, ৩৩ জন যুক্তরাজ্যের এবং ২৫ জন কানাডার।
খেলার খবর
০৭. আজ রাতে অনুষ্ঠিত হবে ২০২৬-২৭ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র। ফ্রান্সের মোনাকোতে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এই অনুষ্ঠান। মোনাকোর গ্রিমালদি ফোরামে হবে ড্র। গত দুই আসরের মতোই এবারও প্রথম পর্বে আলাদা কোনো গ্রুপ থাকছে না। লিগ পর্বে প্রতিটি দল আটটি দলের বিপক্ষে খেলবে। কোন দলের প্রতিপক্ষ কে হবে? সেটাই চুড়ান্ত করা হবে ড্র এর মাধ্যমে।
উয়েফার কো-এফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ের ভিত্তিতে চারটি ভাগে ভাগ করা হবে দলগুলোকে। সবার আগে প্রথম পট থেকে ম্যানুয়ালি একটা দলের নাম লেখা বল তোলা হবে। এরপর বিশেষায়িত সফটওয়্যার মুহূর্তেই জানিয়ে দেবে কোন আটটি দলের বিপক্ষে খেলবে ওই ক্লাব। আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আসরের মূলপর্ব।