সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

সাপের দংশনে স্কুলছাত্রীর মৃত্যু

সাতক্ষীরায় বিষধর সাপের দংশনে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত বিথী খাতুন (১৬) উপজেলার কাঁদপুর গ্রামের আব্দুল্লার মেয়ে। সে স্থানীয় কেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে রান্নাঘরে কাজ গোছাতে গেলে বিষধর সাপে দংশন করে। তাৎক্ষণিক স্থানীয় ওঝার মাধ্যমে চিকিৎসা নেয়ার চেষ্টা করে; কিন্তু অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা।


বগুড়ায় চলন্ত বাসে আগুন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল ৮টার দিকে উপজেলার সি ব্লক এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম ট্রাভেল’ নামের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, বাসটির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শাজাহানপুর থানার এসআই আবু জাররা বলেন, আগুন লাগার সাথে সাথেই যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির একটি অংশ পুড়ে গেছে। বগুড়া অফিস।


সাভার থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় সাভার মডেল থানা থেকে লুট হওয়া একটি অস্ত্র (গ্যাসগান) উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল রোববার দুপুরে সাভার মডেল থানার ওসি (অপারেশন) হেলাল উদ্দিন অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন নয়া দিগন্তকে। এর আগে শনিবার বিকেলে পৌর এলাকার নামা গেন্ডার বটতলার অলি কোম্পানির ইটভাটার পশ্চিম পাশের বেলায়েত কোম্পানির মালিকানাধীন জমে থাকা পানির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় স্থানীয়রা অস্ত্রটি পেয়ে থানা পুলিশকে খবর দিলে লুট হওয়া অস্ত্র (গ্যাসগান) যার বাট নং-৮৪, বডি নম্বর-০৪১৯৯৮ সাভার মডেল থানা পুলিশ উদ্ধার করে। সাভার (ঢাকা) সংবাদদাতা।


গোপালগঞ্জে মাদকসহ কারবারি গ্রেফতার

গোপালগঞ্জের পুলিশের এক সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকাসহ একজন চিহ্নিত ও শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থের সর্বমোট বাজার মূল্য প্রায় ৩৪ লাখ টাকা। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল নাফিজুর রহমানের নেতৃত্বে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানসহ পুলিশের একটি দল কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত মাদক কারবারি শেখ শহিদুল ইসলাম আকাশকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার ঘরে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ১০ হাজার ২০৭ পিস ইয়াবা, দুই কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ চার লাখ ২৬ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮) কাশিয়ানী থানাধীন পশ্চিম রাতইল গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে এবং ওই এলাকার একজন শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ইতঃপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটিসহ পাঁচটি মামলা রয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি।


ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিক মোস্তাফিজুর রহমানের (২৩) মৃত্যু হয়েছে। তিনি নীলফামারী জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছাপানী ইউনিয়নের কাকরা গ্রামের সাইদুল ইসলামের ছেলে। গতকাল সকালে উপজেলার ঢালুয়া ইউনিয়নের দক্ষিণ বদরপুর গ্রামের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঢালুয়া ইউনিয়নের দক্ষিণ বদরপুর গ্রামের কাজী বাড়ির সৌদি আরব প্রবাসী কাজী ওসমান ও লোকমান হোসেনের নির্মাণাধীন পাঁচতলা ভবনে মোস্তাফিজুর রহমান গত দুই বছর থেকে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে মোস্তাফিজুর রহমান নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদের সেন্টারিংয়ের বাঁশ খুলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান। এ সময় তার মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। একপর্যায়ে অন্যান্য নির্মাণ শ্রমিক তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা।


সাংবাদিকদের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংবাদ প্রকাশের জেরে প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শ্রীমঙ্গল প্রেস ক্লাব। গতকাল রোববার দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় জানানো হয়, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসানের বিরুদ্ধে জালিয়াতি, দুর্নীতি ও নানা অনিয়ম সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসান বিন মুজাহিরের নামে মৌলভীবাজারের বিচারিক আদালতে এ মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ সভায় বলেন, ‘এ ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। এতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণœ হবে।’ তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান। আবুজার রহমান বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- আবু জাফর সালাউদ্দিন, আ ফ ম আব্দুল হাই ডন, ইসমাইল মাহমুদ, এম এ রকিব, সাইফুল ইসলাম, বিশ্বজিৎ ভট্টাচার্য্য বাপন, সৈয়দ আমিরুজ্জামান, আব্দুর রব, শাকির আহম্মেদ, নূর মোহাম্মদ সাগর, রুবেল আহমেদ, মামুন আহমেদ প্রমুখ। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা।


ধর্ষণের আসামিদের প্রকাশ্যে ঘোরাফেরা

ময়মনসিংহের পাগলা থানায় এক স্কুলছাত্রীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভিকটিম পরিবারের ওপর চাপ ও হুমকি অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিকটিমের বড় বোন এসব অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, গত বছরের ২১ ডিসেম্বর পাগলা থানার ডুবাইল এলাকায় এক ঘটনায় যুবদল নেতা মোশাররফ হোসেন মানিকের নেতৃত্বে তার বোন সঙ্ঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। ঘটনার পর থানায় মামলা করতে গেলে প্রথমে পুলিশ অভিযোগ গ্রহণে অনীহা দেখায় বলে দাবি করেন তিনি। পরবর্তী সময়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়েরের পর ৭ মার্চ পাগলা থানায় মামলাটি রুজু করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর প্রধান আসামিকে গ্রেফতার করা হলেও অন্যান্য আসামি এখনো ধরা পড়েনি এবং তারা প্রকাশ্যে চলাফেরা করছে। ভিকটিম পরিবারের অভিযোগ অনুযায়ী, মামলার পর থেকেই পলাতক আসামি ও তাদের সহযোগীরা মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করছে। পাশাপাশি বাড়িতে অবস্থান করা ও চলাফেরার ক্ষেত্রেও বাধা দেয়া হচ্ছে বলে দাবি করা হয়। এমনকি প্রাণনাশের হুমকিও দেয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ময়মনসিংহ অফিস।


পিরোজপুরে ‘শয়তানের নিঃশ্বাসে’ প্রতারণা

পিরোজপুর পৌর শহরে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত প্রতারণার কৌশল ব্যবহার করে এক নারীর নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে দুষ্কৃতকারীরা। গত শনিবার সকালে পৌরসভার সাধনা ব্রিজ সংলগ্ন সাগর স্টোরের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হোসনে আরা (৫৫) জানান, দুইজন অজ্ঞাত ব্যক্তি তার সাথে কথোপকথনে জড়িয়ে একপর্যায়ে তাকে বিভ্রান্ত করে। পরে তারা তথাকথিত ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগের মাধ্যমে তার কাছ থেকে নগদ টাকা, স্বর্ণের কানের দুল ও গলার চেইন হাতিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান বলেন, ‘এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সিসিটিভি ফুটেজ যাচাইসহ প্রয়োজনীয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ পিরোজপুর প্রতিনিধি।