ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডির স্ত্রীর সম্পদ জব্দের আদেশ

Printed Edition

আদালত প্রতিবেদক

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার স্ত্রী সবিতা আগরওয়ালার নামে থাকা বিপুল পরিমাণ স্থাবর সম্পদ জব্দের (ক্রোক) নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো: সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আদালতে সম্পদ জব্দের আবেদন করেন।

আদালতের আদেশ অনুযায়ী রাষ্ট্রের নিয়ন্ত্রণে যেসব সম্পদ থাকবে, সেগুলো হলো চুয়াডাঙ্গা সদর এলাকায় ৬৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের ০.৪৩৯৭ একর জমি, রাজশাহীর বোয়ালিয়া থানাধীন থিম ওমর প্লাজায় ৩৩ লাখ ৯১ হাজার টাকা মূল্যের নির্মাণাধীন দোকান ও জমি এবং ঢাকার রমনা এলাকায় ৭ লাখ ১৬ হাজার টাকা মূল্যমানের ২৩৯ বর্গফুটের একটি বাণিজ্যিক স্পেস। দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সবিতা আগরওয়ালা অসাধু উপায়ে তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণভাবে ৪৫ কোটি ৭০ লাখ ৬৭ হাজার ২৮৭ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তদন্তে আরো উঠে আসে, সবিতা আগরওয়ালা তার নিজের ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা আটটি ব্যাংক হিসাবে ১০৭ কোটি ২০ লাখ এক হাজার ৫১ টাকা জমা এবং ১০৬ কোটি আট লাখ দুই হাজার ৮৭৬ টাকা উত্তোলনের মাধ্যমে মোট ২১৩ কোটি ২৮ লাখ ৯২৭ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন।

দুদকের দাবি, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত অর্থের অবৈধ উৎস গোপন করতেই এই অর্থ স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

দুদকের পক্ষ থেকে আরো জানানো হয়, তদন্ত চলাকালে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, আসামি এসব স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় সম্পত্তিগুলো অবিলম্বে জব্দ করা প্রয়োজন বলে আদালত মনে করেন এবং সে অনুযায়ী আদেশ দেন।