বাংলাদেশী শ্রমিকদের জন্য সুখবর দিলো মালয়েশিয়া সরকার

আশরাফুল মামুন, মালয়েশিয়া
Printed Edition

বাংলাদেশী শ্রমিকদের বিশাল সুখবর দিলো মালয়েশিয়া সরকার। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) চালু করার প্রস্তাব দিয়ে আসছিল বাংলাদেশী প্রবাসী শ্রমিকরা। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) চালু করেছে মালয়েশিয়া সরকার।

শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, এমইভি সুবিধা বৈধ পিএলকেএস ধারকদের জন্য। আন্তর্জাতিক প্রবেশপথগুলোতে ইমিগ্রেশন বিভাগ এটি সমন্বয় করবে। আগামী বছরের জন্য পিএলকেএস বর্ধিত করার প্রক্রিয়ার অংশ হিসেবে এমইভি দেয়া হবে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, এটি দেশের ভেতরে এবং বাইরে অভিবাসী কর্মীদের যাতায়াতের সুবিধা বাড়াবে। এ ছাড়া ইমিগ্রেশন পাসের অপব্যবহারের ঝুঁঁকি কমাবে। বিভিন্ন দেশে থাকা মালয়েশিয়ার মিশনগুলোতে নতুন ভিসা আবেদনের জন্য ভিড় কমাবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশী কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেয়ায় এখন থেকে বিভিন্ন প্রয়োজনে সে দেশে অবস্থানরত বাংলাদেশী কর্মীরা সহজেই দেশে আসা-যাওয়া করতে পারবেন। গত ১৫ জুলাই এক ফেসবুক পোস্টের মাধ্যমে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন মাল্টিপল এন্ট্রি ভিসার বিষয়ে জানায়।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়া সরকারের প্রতি এ বিষয়ে আহ্বান জানানো হচ্ছিল। সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টায় এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

গত মে মাসে মালয়েশিয়া সফরে গিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন। আলোচনার পর ১০ জুলাই এ বিষয়ে পরিপত্র জারি করা হয়।