ইইউর বিরুদ্ধে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের মামলা

সম্পদ অবরুদ্ধ

Printed Edition

ব্লুমবার্গ

ইউক্রেনে সামরিক অভিযানের জেরে অনির্দিষ্টকালের জন্য সম্পদ অবরুদ্ধ করে রাখার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে মামলা করেছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। লুক্সেমবুর্গে ইউরোপীয় ইউনিয়নের জেনারেল কোর্টে এই মামলা করার কথা মঙ্গলবার বিবৃতি দিয়ে জানিয়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ইউরোপীয় কাউন্সিল যে বিধিমালা জারি করেছে, সেই সিদ্ধান্তকেই আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের দাবি, আন্তর্জাতিক আইনে বিচার পাওয়ার মৌলিক ও অখণ্ড অধিকার, সম্পত্তির অখণ্ডতা এবং রাষ্ট্র ও কেন্দ্রীয় ব্যাংকের সার্বভৌম দায়মুক্তি নিশ্চিত করা হলেও ইউরোপীয় কাউন্সিলের বিধিমালায় তা লঙ্ঘন করা হয়েছে।

ইইউ সদস্য রাষ্ট্রগুলো গত ডিসেম্বরে প্রায় ২১০ বিলিয়ন ইউরো (২৪৬ বিলিয়ন ডলার) মূল্যমানের রুশ রাষ্ট্রীয় সম্পদ অবরুদ্ধের আদেশের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর ওই সম্পদগুলো ইউরোপীয় ইউনিয়ন অবরুদ্ধে করে। ইইউর পরিকল্পনা হলো, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এবং ইউক্রেনকে রাশিয়া ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত এই সম্পদগুলো অবরুদ্ধ রাখা হবে।

ওই অর্থের বড় অংশ আটকে আছে ইউরোক্লিয়ার নামের একটি আর্থিক প্রতিষ্ঠানে। তবে ইউক্রেনকে সহায়তার জন্য এই তহবিল ব্যবহার করে ঋণ দেয়ার চেষ্টার বিরোধিতা করে আসছে বেলজিয়াম সরকার।