পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সা: উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবীর মূল শিক্ষা হলো রাসূলুল্লাহ সা:-এর জীবন ও আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, রাসূলুল্লাহ সা:-এর জীবনাদর্শ অনুসরণ করাই আমাদের ব্রত হওয়া উচিত। তাঁর শিক্ষা হলো ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি, ক্ষমা, ধৈর্য, সমতা, সহনশীলতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমান বিশ্বে আমরা যদি ইসলামের শান্তির মহাবাণী অনুসরণ করি, তাহলে কোনো যুদ্ধ-বিগ্রহ থাকবে না, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হবে এবং সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না।’
তিনি বলেন, আমাদের উচিত ন্যায়ের পথে, শান্তির পথে ও সাম্যের পথে রাসূলুল্লাহ সা:-এর আদর্শ অনুসরণ করা। আজকের দিনে আমাদের নতুন করে উপলব্ধি করতে হবে- আমরা যদি শান্তির পথে থাকি এবং রাসূলুল্লাহ সা:-এর জীবনাদর্শ ও তাঁর সাহাবিদের আদর্শ অনুসরণ করি, তাহলে দেশে কোনো অশান্তি, বিশৃঙ্খলা ও বৈষম্য থাকবে না।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, পানি সম্পদমন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।