নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা দাবি মিয়ানমারের সেনাপন্থী দলের

Printed Edition

এএফপি

মিয়ানমারের জান্তা-পরিচালিত নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পাওয়ার দাবি করেছে সেনাপন্থী রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। গতকাল মঙ্গলবার দলটির জ্যেষ্ঠ এক কর্মকর্তা এ দাবি করেছেন ।

আন্তর্জাতিক গণতন্ত্র পর্যবেক্ষণকারী সংস্থাগুলো বলছে, এ নির্বাচন মিয়ানমারের সেনাবাহিনীর ক্ষমতা ধরে রাখার পথকে আরো দীর্ঘায়িত করবে। অনেকেই জান্তার আয়োজিত এ ভোটকে সাজানো নির্বাচন হিসেবে অভিহিত করেছেন। স্বাধীনতার পর থেকে প্রায় পুরো সময় ধরেই সামরিক শাসনের আওতায় রয়েছে মিয়ানমার। দেশটির গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন মিয়ানমারে গণতান্ত্রিক যাত্রা শুরু হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের ঘটিয় দেশটির জেনারেলরা ক্ষমতা দখল করেন। অভ্যুত্থানে অং সান সু চির সরকারের পতন, গণতান্ত্রিক আন্দোলনের এই নেত্রীকে আটক করা হয়। তখন থেকে গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে এশিয়ার এই দেশটি।

ক্ষমতায় আসার চার বছরের বেশি সময় পর মিয়ানমারে কয়েক দফায় জাতীয় নির্বাচনের আয়োজন করেছে জান্তা সরকার। দেশটির তৃতীয় ও শেষ ধাপের ভোট আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জান্তা বলেছে, এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়া হবে। রোববার দেশটিতে অনুষ্ঠিত ভোটের দ্বিতীয় ধাপে ইউএসডিপি থথ১০০টির মধ্যে ৮৭টি আসন জিতেছে বলে দাবি করেছেন দলটির এক কর্মকর্তা।