মাদকমুক্ত সমাজ গঠনই হবে সরকারের চ্যালেঞ্জ : দীপেন দেওয়ান

Printed Edition
bangla-2
রাঙ্গামাটিতে ঐতিহ্যবাহী পাজন রান্না প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করছেন পার্বত্য চট্টগ্রাম বিষযক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি : নয়া দিগন্ত

পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, যুবসমাজ দেশের প্রাণশক্তি। বিগত ফ্যাসিস্ট সরকার সুপরিকল্পিতভাবে যুবসমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিয়ে গেছে।

তিনি বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দৃঢ়তার সাথে সব রাষ্ট্রীয় চ্যালেঞ্জ মোকাবেলা করছেন এবং আমাদের দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। সেই নির্দেশনার আলোকে বিপথগামী যুবসমাজকে আলোর পথ দেখানো এবং একটি মাদকমুক্ত বুদ্ধিবৃত্তিক সমাজ গঠন করাই হবে আমাদের সরকারের একটি চ্যালেঞ্জ।

গত সোমবার রাতে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সূর্যোদয় সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, রাঙ্গামাটি শাখার উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈষু, বিষু, সাংক্রান, চাংলান, পাতা ও বিহু উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী পাজন রান্না প্রতিযোগিতা ও ‘মাদকমুক্ত সমাজ চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পার্বত্য চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও প্রসারের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, পাজন রান্না প্রতিযোগিতা আমাদের বৈচিত্র্যময় ঐতিহ্যের অংশ। এই সংস্কৃতির চর্চা যুবসমাজকে বিপথগামিতা থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। আলোচনা সভা শেষে মন্ত্রী ঐতিহ্যবাহী পাজন রান্না প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সূর্যোদয় সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ডা: অজয় প্রকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলার বিভিন্ন পেশাজীবী, বিশিষ্ট বুদ্ধিজীবী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।