মাঠের অভাবে খেলাধুলা থেকে দূরে সরছে শিশুরা : বিএফইউজে মহাসচিব

Printed Edition
3rd-1
ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া উৎসব উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিক নেতারা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

খেলার মাঠের সংকটের কারণে শিশুদের বড় একটি অংশ খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। তিনি বলেন, খেলাধুলার অভাবে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে, যা ভবিষ্যতে জাতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। গত সোমবার দুপুরে বিপিজেএ অডিটরিয়ামে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাদের গনি চৌধুরী বলেন, শিক্ষার পাশাপাশি শিশুদের প্রয়োজন সুস্থ ও আনন্দময় জীবন। খেলাধুলা শিশুদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানসিক দৃঢ়তা ও সামাজিকতা তৈরি করে। অথচ বাস্তবতা হলো— অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ নেই। ফলে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তিনি বলেন, শিশুর বিকাশের মূলে রয়েছে খেলাধুলা। খেলার মাধ্যমে শিশুরা চারপাশের পরিবেশ সম্পর্কে জানে, আবেগ প্রকাশ করে এবং জীবনঘনিষ্ঠ শিক্ষা অর্জন করে। কিন্তু বর্তমানে পড়াশোনার চাপ, কোচিং ও মোবাইল ফোনে আসক্তির কারণে শিশুদের মাঠে দেখা যায় না।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে কাদের গনি চৌধুরী বলেন, শুধু বছরে কয়েকটি টুর্নামেন্ট আয়োজন করলেই দায়িত্ব শেষ হয় না। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার চর্চা নিশ্চিত করতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পাশাপাশি কলেজ পর্যায়েও শারীরিক শিক্ষা কার্যক্রম জোরদার করা জরুরি। বর্তমান প্রজন্মের মোবাইল ফোন আসক্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, স্ক্রিনে আসক্ত শিশুরা শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে। খেলাধুলা শুধু শিশুদের জন্য নয়, বড়দের জন্যও প্রয়োজন। পরিবার থেকেই খেলাধুলার চর্চা শুরু করতে হবে।

বিপিজেএ সভাপতি একেএম মহসীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মশিউর রহমান সুমন, জাহিদুল ইসলাম সজল, সালেকুজ্জামান রাজীব, ফরিদ উদ্দীন সিদ্দীকী, মো. সৌরভ, খোকন শিকদার ও ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক আল মামুন প্রমুখ।