বঙ্গে ফারসি ভাষা ও সাহিত্য চর্চার ইতিহাস বইয়ের মোড়ক উন্মোচন
Printed Edition
একাডেমিয়া পাবলিশিং হাউজ লিমিটেড (এপিএল) প্রকাশিত ‘বঙ্গে ফারসি ভাষা ও সাহিত্য চর্চার ইতিহাস’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও সেমিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে গবেষক ও লেখক মোহাম্মদ আবদুল হাই রচিত গ্রন্থটির প্রকাশনা উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো: মুমিত আল রশিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন একাডেমিয়া পাবলিশিং হাউজ লিমিটেডের (এপিএল) ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. এম আবদুল আজিজ।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাক্তন ভাইস চ্যান্সেলর ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো: আবুল কালাম সরকার। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো: কামাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো: নূরে আলম, বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকার পরিচালক ড. মুহাম্মদ ঈসা শাহেদী এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের জার্মান ভাষার সিনিয়র ফ্যাকাল্টি তানিম নওশাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবদুস সবুর খান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফারসি ভাষা ও সাহিত্য কেবল একটি ভাষাগত ঐতিহ্য নয়; এটি মানবসভ্যতার এক মহৎ সাংস্কৃতিক উত্তরাধিকার। বিশ্বসাহিত্যে ফেরদৌসির মহাকাব্যিক চেতনা, হাফিজের আধ্যাত্মিক প্রেম, শেখ সাদীর নৈতিক দর্শন, জালালুদ্দিন রুমির মরমী উপলব্ধি এবং ওমর খৈয়ামের যুক্তিবাদী জীবনচিন্তা আজো সমানভাবে প্রাসঙ্গিক।
বইটির লেখক মোহাম্মদ আবদুল হাই বলেন, ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত ফারসি ভাষার ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। বাংলা সাহিত্যের সাথে ফারসি সাহিত্যের তুলনামূলক আলোচনা করলে দেখা যাবে দু’টি ভাষা ও সাহিত্য ঐতিহ্যের মানদণ্ডে উভয়েরই রয়েছে সুপ্রাচীন মানবিক ও নৈতিক সাদৃশ্যমূলক জীবনচেতনা। বইটির ব্যাপারে বক্তারা বলেন, গ্রন্থটি সাহিত্য গবেষণা পরিমণ্ডলে মহামূল্যবান সংযোজন। এতে অবিভক্ত বাংলায় ফারসি ভাষার প্রভাব যথাযথভাবে তুলে ধরা হয়েছে।