পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা
অভ্যন্তরীণ সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের আহ্বান
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাহিনীর অভ্যন্তরীণ সমস্যা চিহ্নিত করে তার দ্রুত সমাধান এবং কর্মরত সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশি কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে। একই সাথে পেশাদারিত্ব ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে জনকল্যাণমূলক ও গণমুখী পুলিশিং সেবা দেয়ার আহ্বান জানানো হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় কর্মকর্তারা এ কথা বলেন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
সভায় প্রথমে অ্যাসোসিয়েশনের বর্তমান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনার পাশাপাশি পুলিশের পেশাদারিত্ব ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে জনকল্যাণমূলক ও গণমুখী সেবা দেয়ার বিষয়ে আলোচনা হয়। বাহিনীর অভ্যন্তরীণ সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান এবং কর্মরত সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশি কার্যক্রমকে আরো গতিশীল করা, কনস্টেবল থেকে ডিআইজি পদমর্যাদা পর্যন্ত সব পর্যায়ের সদস্যদের পদোন্নতি ও পদায়ন সংক্রান্ত জটিলতা নিরসনের ব্যাপারে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদেরকে নিয়ে মিথ্যা, মনগড়া, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও অপতথ্য ছড়ানোর বিষয়টিও সভায় গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, হাইওয়ে পুলিশের অতি: আইজিপি ফারুক আহমেদ, জিএমপি কমিশনার মো: ইসরাইল হাওলাদার, সিটিএসবির ডিআইজি মীর আশরাফ আলী, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, সিলেট রেঞ্জ ডিআইজি মো: জিললুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানসহ বিভিন্ন ব্যাচের কর্মকর্তারা।