বরিশালে আদালতের সামনে বিস্ফোরণ
Printed Edition
বরিশাল ব্যুরো
বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনজীবী ও বিচারকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গতকাল বেলা সাড়ে ১১টায় আদালতের ১০তলা ভবনের প্রধান ফটকের ঠিক ভেতরে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। এ সময় সবাই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।
সিএমএম আদালতের প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম জানান, পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা সিসিটিভি ফুটেজ দিয়ে বিস্ফোরণকারীদের শনাক্তে সহায়তা করছি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন ইসলাম বলেন, বোম ডিসপোজাল ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছেন। বিস্ফোরিত বস্তুর নমুনা সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিস্ফোরণের স্থানটি বৃষ্টির কারণে কিছুটা কাদাযুক্ত হয়ে আছে। পুলিশের গোয়েন্দা ও স্পেশাল ব্রাঞ্চের বিস্ফোরক বিশেষজ্ঞরা ঘটনাস্থল ঘিরে রেখে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালান। খবর পেয়ে র্যাব ও পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরাও আদালতের প্রধান ফটকে সতর্ক অবস্থান নেন।
এ দিকে মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব অ্যাডভোকেট মীর জাহিদুল ইসলাম জাহিদসহ বিএনপিপন্থী আইনজীবীরা এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন। তারা জানান, ১৫ আগস্টকে ঘিরে ফ্যাসিবাদের সমর্থকরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় আদালতপাড়ায় এ বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। আইনজীবীরা জানান, আগামী ১৬ আগস্ট আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান বরিশালের আদালতপাড়ায় যাবেন।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, প্রত্যক্ষদর্শীরা ছোট আকারের একটি শব্দ হওয়ার কথা জানিয়েছেন। সেটি পটকা নাকি অন্য কোনো বস্তু, তা যাচাই-বাছাই করতে পুলিশের বিশেষজ্ঞরা কাজ করছেন। ঘটনাস্থলে কোনো স্পিøন্টার পাওয়া যায়নি।