গোমস্তাপুরে স্বেচ্ছাসেবী সংস্থার ঘর পেলেন অসহায় নারী
Printed Edition
গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের বাংগাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশন সম্প্রতি একটি স্বেচ্ছাসেবী উদ্যোগের মাধ্যমে এক অসহায় নারী রূপালী বেগমকে নতুন ঘর প্রদান করেছে। বাংগাবাড়ি দাড়িপাতা গ্রামে টিনের ঘরটি নির্মাণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংগাবাড়ি স্কুল ও কলেজের অধ্যাপক মোস্তফা কামাল, সাবেক অধ্যাপক বদিউজ্জামান (দুলু), ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাকিম, সভাপতি আল মামুন (সাদ্দাম), উপদেষ্টা প্রভাষক জুয়েল আলম, সদস্য নাজমুল প্রমুখ। অনুষ্ঠানে রূপালী বেগমের ঘর প্রদানের পাশাপাশি আশরাফুল হকের চিকিৎসা ব্যয় এবং মৃত মুচি রমেশের কন্যাদের শিক্ষাব্যয়ও ফাউন্ডেশনের পক্ষ থেকে সহায়তা করা হয়। স্থানীয়রা জানায়, রূপালী বেগম পূর্বে বাংগাবাড়ি রহনপুর ও সিংগাবাদ রেললাইনের ধারে বসবাস করতেন। তার একমাত্র ছেলে বিদেশ চলে যাওয়ার পর নাসিমা বেগম তাকে আশ্রয় প্রদান করেছিলেন। মেয়েটির কঠিন পরিস্থিতি দেখে বাংগাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশন এ উদ্যোগ নেয়। ফাউন্ডেশনের সদস্যরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো যায়। গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা।