প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার
প্রথম দিনেই যাচ্ছেন সাড়ে ৫ হাজার হজযাত্রী
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
পবিত্র হজ পালনে আজ থেকে সৌদি আরবে যাওয়া শুরু করছেন দেশের হজযাত্রীরা। প্রথম দিনেই ১৪টি ফ্লাইটে পাঁচ হাজার ৭৫৯ জনের সৌদি যাওয়ার কথা রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে প্রথম ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এর আগে দেশের হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ দিন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হজযাত্রীদের উপহার প্রদান করা হয়। আগামী ২১ মে পর্যন্ত সৌদির উদ্দেশে প্রি-হজ ফ্লাইট চলবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া ও ফ্লাইনাসের ২০৭টি ফ্লাইটে মোট ৭৮ হাজার ৫০০ বাংলাদেশী হজ পালনে যাবেন। আশকোনা হজ ক্যাম্পেই এসব হজযাত্রীর বাংলাদেশ ও সৌদি অংশের ইমিগ্রেশন সম্পন্ন হবে। এ জন্য হজযাত্রীরা আগে থেকেই হজ ক্যাম্পের ডরমেটরিতে অবস্থান নেয়া শুরু করেছেন।
চাঁদ দেখাসাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে। শেষ হবে ১ জুলাই। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনে সৌদি যাবেন। ৬৩০টি এজেন্সির মাধ্যমে ও ৩০টি লিড এজেন্সির পরিচালনায় এসব হাজী থাকবেন। এবার মোট প্রি-হজ ফ্লাইট ২০৭টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সৌদিয়া ৭৫টি ও ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।
গতকাল হজ ক্যাম্পে দেখা যায়, হজ ফ্লাইট শুরুর আগে হজক্যাম্পে আসতে শুরু করেছেন যাত্রীরা। তাদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। তবে ক্যাম্পে মশা ও ছারপোকা থাকার অভিযোগ করেছেন ডরমেটরিতে থাকা হজযাত্রীরা।
হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার : হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজ অফিসের পরিচালক মো: লোকমান হোসেন জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আল্লাহর মেহমানদের জন্য কয়েক ধরনের উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে- এক লাখ বোতল মিনারেল ওয়াটার, যা হজক্যাম্পে আগত হজযাত্রীদেরকে সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য ব্যাকপ্যাক, সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুর পাঠানো হয়েছে। এসব উপহারসামগ্রী প্যাকেট করে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের কাছে হস্তান্তর করা হয়।
প্রস্তুতি পরিদর্শন ধর্মমন্ত্রীর : ২০২৬ সালের প্রথম হজ ফ্লাইটসহ সামগ্রিক প্রস্তুতি দেখতে হজক্যাম্প আকস্মিক পরিদর্শন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এ সময় তিনি হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানের সামগ্রিক বিষয়ে খোঁজখবর নেন এবং হজক্যাম্পে সার্বিক অবস্থা সরেজমিন পর্যবেক্ষণ করেন। তিনি হজযাত্রীদের সাথে কথা বলেন এবং তাদের হজযাত্রার প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য বিষয়ে খোঁজ নেন। এ সময় মন্ত্রী ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সাথে কথা বলেন। তিনি বলেন, হজযাত্রীরা হচ্ছেন আল্লাহর মেহমান। তাদের সেবাকে খেদমত হিসেবে দেখতে হবে। কোনোভাবেই যেন তারা কষ্ট না পান তা নিশ্চিত করতে হবে।
মন্ত্রী জানান, হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদ ও নির্বিঘেœ পবিত্র এই সফরে যেতে পারেন সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে। তিনি হজযাত্রীদের সেবায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানান।