ইউক্রেনের এফ-১৬ ভূপাতিত করার দাবি রাশিয়ার

Printed Edition

টিআরটি ও নিউ ইয়র্ক পোস্ট

ইউক্রেন পরিচালিত যুক্তরাষ্ট্র-নির্মিত এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়া-১ টিভিতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে রুশ কমান্ডার সেভার জানান, যুক্তরাষ্ট্রের দেয়া এফ-১৬ ছিল তাদের ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য।

তিনি বলেন, বিমানটিকে লক্ষ্য করে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। প্রথমটি বিমানটিকে ক্ষতিগ্রস্ত করে এবং দ্বিতীয়টি চূড়ান্ত আঘাত হানে। সেভারের দাবি, এ অভিযানের প্রস্তুতি নিতে দীর্ঘ সময় লেগেছে এবং তারা বিমানটির গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। তার ভাষায়, “শত্রুরা বলেছিল এই বিমানগুলো ধ্বংস করা সম্ভব নয়। কিন্তু দেখা যাচ্ছে, অন্যগুলোর মতোই এটি আকাশ থেকে পড়ে গেছে।” তবে তিনি ঘটনার সুনির্দিষ্ট সময় উল্লেখ করেননি। এদিকে, কাস্পিয়ান সাগরে রাশিয়ার তিনটি তেল উত্তোলন স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন। একই সাথে রাশিয়ার ভোরোনেজ শহরেও ড্রোন হামলা চালানো হয়েছে। রোববার আলাদাভাবে এসব হামলা চালায় কিয়েভ। ভোরোনেজ অঞ্চলের গভর্নর আলেক্সান্ডার গুসেভ জানিয়েছেন, ওই হামলায় এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো তিনজন। শহরটির আকাশে একাধিক ড্রোন ভূপাতিত করা হলেও হতাহতের ঘটনা এড়ানো যায়নি। অন্যদিকে, কাস্পিয়ান সাগরের তেল উত্তোলন স্থাপনাগুলোতে হামলার ফলে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ইউক্রেনের স্পেশাল অপারেশনস ফোর্সেস বা এসএসও তেল স্থাপনাগুলোতে হামলার ভিডিও প্রকাশ করেছে।