সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ জ ম ওবায়েদুল্লাহ আর নেই
Printed Edition
দেশের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ড. আ জ ম ওবায়েদুল্লাহ আর নেই। তিনি গতকাল রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই ব্যক্তিত্ব স্ত্রী, ২ ছেলে, ৩ কন্যাসহ বহু আত্মীয়স্বজন এবং ভক্ত ও আন্দোলনের সহযাত্রী রেখে গেছেন।
ভোলার চরফ্যাশনে জন্মগ্রহণ করা ড. আ জ ম ওবায়েদুল্লাহ চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরে কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেন। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রতিষ্ঠাকালীন রেজিস্ট্রার ছিলেন। সবশেষ তিনি বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন।
মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিত, ড. আ জ ম ওবায়েদুল্লাহ সাহিত্য-সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। তিনি মাসিক অঙ্গীকার ডাইজেস্টের সম্পাদক এবং হুইল বিজনেস ম্যাগাজিনের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার লেখা জনপ্রিয় বইয়ের মধ্যে ‘তরুণ তোমার জন্য’ ও ‘স্বপ্নের সাহসী ঠিকানা’ উল্লেখযোগ্য।
এদিকে ড. আ জ ম ওবায়েদুল্লাহর ইন্তেকালে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে। শোকাহতরা শামিল হয়েছিলেন মরহুমের প্রথম জানাজা নামাজ। গতকাল রোববার সকালে চট্টগ্রামের প্যারেড ময়দানে মরহুমের প্রথম জানাজা সম্পন্ন হয়। নামাজে জানাজায় ইমামতি করেন ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র দ্বিতীয় ছেলে হাফেজ মুয়াজ আবরার। পরবর্তী জানাজা ভোলার চরফ্যাশন নিজ গ্রামে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুম ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র প্রথম নামাজে জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক, বাইতুশ শরফ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ আবু নোমান, ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র বড় ছেলে মোছান্না প্রমুখ।
জানাজায় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, জামায়াতে ইসলামী বহুমুখী প্রতিভার অধিকারী এক মেধাবী নেতাকে হারালো। এই শূন্যতা পূরণ হওয়ার নয়। আল্লাহ ড. আ জ ম ওবায়েদুল্লাহকে জান্নাতবাসী করুন।
জানাজায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান, জাফর সাদেক ও অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, দৈনিক কর্ণফুলীর সম্পাদক আফসার উদ্দিন চৌধুরী, নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মুহাম্মদ শামীম উদ্দিন খান, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, কুমিল্লা মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী প্রমুখ।
চট্টগ্রাম মহানগর জামায়াতের শোক
ড. আ জ ম ওবায়েদুল্লাহর ইন্তেকালে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী ও সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, ড. আ জ ম ওবায়েদুল্লাহর ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ ভাইকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমরা তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে নেতৃবৃন্দ আরো বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে মাফ করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
জামায়াত আমিরের শোক
প্রখ্যাত সাংস্কৃতিক সংগঠক, লেখক, গবেষক ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আ জ ম ওবায়েদুল্লাহর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমির এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রিয় ভাই ড. আ জ ম ওবায়েদুল্লাহ মহান রবের ডাকে সাড়া দিয়ে অনন্তকালের পথে যাত্রা করেছেন।
সাংস্কৃতিক অঙ্গনের ইসলামী ধারার নেতৃত্ব ছিল তাঁরই হাতে। আল্লাহ তায়ালা এই হাতের পরিবর্তে আমাদেরকে আরো উত্তম হাত দিয়ে সাহায্য করুন।
ওই পোস্টে তিনি আরো বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন তার ওপর রহম করুন, জীবনের সব নেক খেদমত কবুল করুন, ভুল-ত্রুটি ও গুনাহ ক্ষমা করুন এবং তার সেসব ভুল-ত্রুটি ও গুনাহসমূহ নেকিতে পরিণত করে জান্নাতের দারাজা দান করুন। তার কবরের জীবনকে আল্লাহ তায়ালা জান্নাতি জীবন হিসেবে পরিণত করুন এবং কবরকে প্রশস্ত করে জান্নাতের নূরে পরিপূর্ণ করুন। মহান রব তার পরিবারের সম্মানিত সদস্যদের, আপনজন, প্রিয়জন, সহকর্মী এবং গুণগ্রাহী সবাইকে উত্তম সবরের তাওফিক দান করুন।
আ জ ম ওবায়েদুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এক শোক বার্তায় সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ‘তিনি আমৃত্যু দ্বীনি আন্দোলনে মেধা, শ্রম ও সময় ব্যয় করে গেছেন। রব্বে কারিম দ্বীনের একনিষ্ঠ এই খাদেমের ভুলত্রুটি মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোক
গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী এক যৌথ বিবৃতিতে শোক জানান। নেতারা বলেন, ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর ইন্তেকাল আমাদের জন্য হৃদয়বিদারক একটি ঘটনা। তিনি ছিলেন আমাদের অন্যতম উপদেষ্টা, দায়িত্বশীল, নেতা ও ভাই। তার ইন্তেকালে আমরা আমাদের পরম আপনজন এক ব্যক্তিত্বকে হারালাম। তার মৃত্যু চট্টগ্রাম এবং পুরো দেশের জন্যই বেদনাদায়ক। কেননা, তিনি দেশ ও জাতির কল্যাণেই সারা জীবন কাজ করে গেছেন। তার সেসব অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।
আইআইইউসি ট্রাস্টের শোক
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) সদস্য, ইন্টারন্যাশনাল অ্য্যাফেয়ার্স ডিভিশনের চেয়ারম্যান ড. আ জ ম ওবায়েদুল্লাহর মৃত্যুতে আইআইইউসির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী ও বিওটি চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বিবৃতিতে তারা বলেন, ড. ওবায়েদুল্লাহ আইআইইউসির প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্ববিদ্যালয়ের একটি অবিচ্ছেদ্য নাম। এই বিশ্ববিদ্যালয়ের প্রভূত উন্নয়নে তার বুদ্ধিবৃত্তিক ও কায়িক অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা ও নৈতিক মানোন্নয়নে ড. ওবায়েদুল্লাহর মেধা ও শ্রমের কথা তারা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। শোক বিবৃতিতে তারা বলেন, তার মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হলো। মুসলিম উম্মাহ তার অন্যতম একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো। ভিসি ও বিওটি চেয়ারম্যান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।