আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রংপুরে শ্রেষ্ঠ মিঠাপুকুর থানা
Printed Edition
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় মার্চ-২০২৬ এর মূল্যায়নে রংপুর জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে মিঠাপুকুর থানা।
পুলিশ সূত্রে জানা গেছে, মিঠাপুকুর থানার ওসি নুরুজ্জামানের নেতৃত্বে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে। একই সাথে বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে থানার সক্রিয় ভূমিকার ফলে অপরাধ প্রবণতা কমেছে এবং মামলার সংখ্যাও হ্রাস পেয়েছে।
এ সাফল্যের পেছনে থানা পুলিশের সমন্বিত উদ্যোগ ও নিয়মিত নজরদারিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পুলিশের ধারাবাহিক অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।
মিঠাপুকুর থানার ওসি নুরুজ্জামান বলেন, থানার এসআই, এএসআই ও কনস্টেবলসহ সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। তিনি এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।