আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলল

Printed Edition

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা কার্যালয় আবার খুলেছেন দলটির নেতাকর্মীরা। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নলখোলা বন্দরে অবস্থিত কার্যালয়ের তালা খুলে দোয়া মুনাজাতের মধ্য দিয়ে কার্যক্রম শুরুর ঘোষণা দেয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর থেকে উপজেলা কার্যালয়টি কার্যত বন্ধ ছিল। প্রায় দেড় বছর সেখানে কোনো প্রকাশ্য সাংগঠনিক কর্মকাণ্ড হয়নি। দলটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীরা সক্রিয় ছিলেন বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে।

সোমবার সকালে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: আরিফ হাওলাদার ও দশমিনা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: সোহাগ প্যাদার নেতৃত্বে প্রধান ফটকের তালা খোলা হয়। পরে নেতাকর্মীরা কার্যালয় পরিষ্কার করেন। দোয়া ও মুনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর ঘোষণা দেয়া হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দশমিনা থানার ওসি আবু শাহাদাৎ মো: হাসনাইন পারভেজ বলেন, তারা তড়িঘড়ি করে তালা খুলে ছবি আর ভিডিও করে পালিয়ে গেছে। তাদেরকে চিহ্নিত করা গেছে। আমাদের অভিযান অব্যাহত আছে।

এর আগে, ২ ফেব্রুয়ারি রাতে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নির্বাচনী পথসভায় গলাচিপা পৌর এলাকার ওয়াবদা কলোনিতে বিএনপি সমর্থিত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, তারেক রহমান বিএনপির দায়িত্ব দিয়েছেন, আমিও আওয়ামী লীগের এই অঞ্চলের দায়িত্ব নিয়েছি। এ বক্তব্যের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় সক্রিয় হয়ে ওঠেন।