আফগান দল ঘোষণা
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আসন্ন টি-২০ বিশ্বকাপ আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। এ আসরে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন রশিদ খান।
বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডই আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজে অংশ নেবে। অলরাউন্ডার গুলবাদিন নাইব, পেসার নাভিন উল হক ও ফজলহক ফারুকি ফিরেছেন স্কোয়াডে। কাঁধের চোটে দলের বাইরে ছিলেন নাভিন। মূল স্কোয়াডে আরো একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো মুজিব উর রহমানকে দলে নেয়া। এ ছাড়া রিজার্ভ খেলোয়াড় হিসেবে আছেন এ এম গজনফর।
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পর আফগানিস্তান ক্রিকেট (এসিবি) বোর্ডের প্রধান নির্বাচক আহমদ শাহ সুলিমানখিল বলেন, ‘গুলবাদিন নাইব বড় ম্যাচের খেলোয়াড়। তার ফেরায় দল আরো শক্তিশালী হয়েছে। নাভিন উল হককে আবার দলে পেয়ে আমরা সন্তুষ্ট, এতে আমাদের ফাস্ট বোলিং ইউনিটের মান বেড়েছে। মুজিবকে জায়গা দিতে গিয়ে গজনফরকে বাইরে রাখা কঠিন সিদ্ধান্ত ছিল।’ বিশ্বকাপে আফগানিস্তান গ্রুপ রয়েছে ‘ডি’-তে। যেখানে তাদের সাথী নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান দল ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।
আফগানিস্তান স্কোয়াড : রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, আবদুল্লাহ আহমাদজাই, সেদিকুল্লাহ অতল, ফজল হক ফারুকি, রহমানউল্লাহ গুরবাজ, নাভিন উল হক, মোহাম্মদ ইসহাক, শহিদুল্লাহ কামাল, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, দ্বারউইশ রাসুলি ও ইব্রাহিম জাদরান।