উজিরপুরে শিক্ষককে পেটালেন স্বেচ্ছাসেবক দলের নেতা

Printed Edition
3rd-2
উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতার হাতে মারধরের শিকার শিক্ষক উত্তম কুমার : নয়া দিগন্ত

উজিরপুর (বরিশাল) সংবাদদাতা

বরিশালের উজিরপুরে হারতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উত্তম কুমারকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় ওঠে।

উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ভিডিওটি আমরা দেখেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হারতা বাজারে হারতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজীর নেতৃত্বে শিক্ষক উত্তমের ওপর এ হামলা চালানো হয়। এরপর তাকে একটি নির্মাণাধীন ঘরের ভেতর নিয়ে বেধড়ক পেটানো হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

এর কারণ হিসেবে জানা গেছে, এক শিক্ষার্থীর সাথে ওই শিক্ষকের ঘনিষ্ঠতার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা তাকে মারধর করেন।

ঘটনার শিকার শিক্ষক উত্তম কুমার বলেন, ওই তরুণী আমার ছাত্রী নন। উভয় পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের প্রস্তুতি চলছিল। তিনি আরো জানান, কে বা কারা ওই ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, তা জানা নেই।

অভিযুক্ত মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজী জানান, চার মাস আগে এক শিক্ষার্থীর সাথে শিক্ষকের ঘনিষ্ঠতার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি এটিকে শাস্তি প্রদানের ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করেছেন।