কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে কল্যাণ ফান্ডের নামে চাঁদাবাজি
Printed Edition
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে অতিরিক্ত চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ৩৬ জন সাধারণ দলিল লেখক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘ ১৫ বছর ধরে একটি অবৈধ সিন্ডিকেট সমিতির নামে নিয়মবহির্ভূতভাবে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে আসছে। এতে সাধারণ সেবাগ্রহীতা ও দলিল লেখকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই ধারাবাহিকতায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে নতুন করে স্বঘোষিত দলিল লেখক সমিতির কমিটি গঠন করে ‘দলিল লেখক কল্যাণ ফান্ড’ নামে চাঁদা আদায়ের চেষ্টা চলছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাধারণ দলিল লেখকদের মতামত ছাড়াই একতরফাভাবে একটি কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে ফারুক হোসেনকে এবং সদস্য সচিব করা হয়েছে আজিজুল লস্করকে। সম্প্রতি সাধারণ দলিল লেখকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি তালিকা পাঠানো হয়, যেখানে সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের হার উল্লেখ রয়েছে।
তালিকা অনুযায়ী, হেবা, পাওয়ার ও বণ্টননামা দলিলের ক্ষেত্রে শতক প্রতি তিন হাজার ৫০০ থেকে ১০ হাজার ৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ফি নির্ধারণ করা হয়েছে।
দলিল লেখক আরিফ হোসেন বলেন, সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়ের সংস্কৃতি বন্ধ হওয়া দরকার।’ কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, দলিল লেখকদের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।