১০ লাখ মানুষের প্রাণ বাঁচাতে ভিক্ষা চাই রাস্তাটা করে দিন : সংসদে হাসনাত আবদুল্লাহ
Printed Edition
সংসদ প্রতিবেদক
কুমিল্লার দেবীদ্বার এলাকার একটি মহাসড়ক বর্তমানে স্থানীয়দের জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনায় ঝরছে প্রাণ, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এই অসহনীয় পরিস্থিতি থেকে ১০ লাখ মানুষকে বাঁচাতে এবং সড়কের দ্রুত সংস্কার ও প্রশস্তকরণ নিশ্চিত করতে জাতীয় সংসদে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেললেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সরকারের কাছে আকুতি জানিয়ে তিনি বলেন, ‘এই রাস্তা ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাবে, আপনাদের কাছে আমি ভিক্ষা চাই- দ্রুত রাস্তাটি করে দিন।’
গতকাল বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলাকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি দেবীদ্বার এলাকার সড়কের ভয়াবহ চিত্র তুলে ধরেন। মাগরিবের বিরতির পর অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
হাসনাত আবদুল্লাহ জানান, কেবল চলতি মাসেই ওই সড়কে ২৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন। দীর্ঘ দিনের বঞ্চনার কথা উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, গত ১০-১২ বছর ধরে এই গুরুত্বপূর্ণ সড়কের কোনো উন্নয়নকাজ হচ্ছে না। প্রশাসনের কাছে বারবার ধর্না দিয়েও মেলেনি প্রতিকার, বরং প্রশাসনিক জটিলতার অজুহাতে কাজ আটকে আছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় এই মহাসড়কটি ছয় লেনের হওয়ার কথা থাকলেও বর্তমানে এটি মাত্র ১৮ ফিট হয়ে আছে। আমি এখন আর এলাকায় মুখ দেখাতে পারি না। মানুষ ক্ষুব্ধ হয়ে আমাকে বেঁধে রাখার উপক্রম করেছে।’
বক্তব্য চলাকালীন তিনি সংশ্লিষ্ট মন্ত্রীকে জরুরি নির্দেশনা (রুলিং) দেয়ার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। ১০ লাখ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে দ্রুত সড়কটি প্রশস্ত করার দাবি জানান তিনি।