গণ-আন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না : নাহিদ ইসলাম

Printed Edition
back-2
গণ-আন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না : নাহিদ ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা চেয়েছিলাম সংসদে সবকিছুর সমাধান হবে। কিন্তু সংসদকে ব্যর্থ করে দেয়া হয়েছে। এবার আমাদের গণ-আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণ-আন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না। তবে এবার পরিকল্পনা মোতাবেক রাজপথে নামতে হবে। এবার আর ব্যর্থ কিংবা অর্ধেক সফল হতে চাই না। গতকাল রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এগারো দলীয় জোট আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি ।

এনসিপি আহ্বায়ক বলেন, গণ-অভ্যুত্থানের দুই বছর পরও আমরা সবাই এক জায়গায় আছি। আমরা সেই ঐক্যের জায়গায় আছি যে বাংলাদেশকে সংস্কারের মধ্য দিয়ে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বিএনপি সরকার।

তিনি বলেন, সংস্কার কোনো দলের না, এটা বাংলাদেশ রক্ষার দাবি। আমরা ঐক্যবদ্ধ আছি। এবার আমরা মঞ্চে যারা বসে আছি তারা সামনে দাঁড়াবো। গুলি আসলে আগে আমাদের বুকে লাগবে। আপনারা সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। সংস্কার বাস্তবায়ন করা হবে। বিএনপি কিংবা কোনো বিদেশী শক্তি বাধা দিলে তাদের পরাজিত করা হবে।

শহীদ পরিবারকে সরকার ব্যবহার করছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই শহীদ ও আহতরা এদেশের সম্পদ। তাদের নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আমাদের দাবি সমর্থন করলে আমাদের সহযোগিতা করবেন। কিন্তু সরকার কখনো জুলাইযোদ্ধা, কখনো একাত্তরের নাম ব্যবহার করে তাদের বিভিন্ন কাজের বৈধতা দিচ্ছে। কিন্তু চব্বিশ এবং একাত্তর কোনোটিকেই তারা ধারণ করে না।

বিএনপি সরকার গঠনের পর থেকেই দেশ পেছনের দিকে হাঁটছে অভিযোগ করে তিনি বলেন, এদেশের গণ-আন্দোলনের সুফল বিএনপি ভোগ করেছে। নব্বই এর গণ-অভ্যুত্থানের সুফল তারা ভোগ করেছে। কিন্তু ক্ষমতায় বসে তিন জোটের রূপরেখাকে ছুড়ে ফেলে দিয়েছে। এখনো জুলাই সনদ এবং অধ্যাদেশ প্রত্যাখ্যান করছে।