হাইতিতে ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে ৩০ জনের মৃত্যু
Printed Edition
বিবিসি
হাইতির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সিটাডেল লাফেরিয়েরে মর্মান্তিক পদদলিতের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। হাইতির নর্ড বিভাগের সিভিল প্রোটেকশনের প্রধান জেন হেনরি পিটিট জানান, ইস্টার উপলক্ষে বার্ষিক সমাবেশ চলাকালে শনিবার এই ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
গভীর সমাবেদনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস-অ্যামি বলেন, মিলো শহরের ওই স্থানে ‘অনেক তরুণ-তরুণীর উপস্থিতিতে একটি পর্যটন অনুষ্ঠানের সময়’ দুর্ঘটনাটি ঘটে।
তিনি জানান, একটি তদন্ত শুরু হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ‘সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে’ মোতায়েন করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সামাজিক মাধ্যমে প্রচারের পর দুর্গটির প্রতিষ্ঠা স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও দর্শনার্থী উপস্থিত হয়েছিল। জানা গেছে, প্রবেশপথের কাছে পদদলিতের ঘটনা শুরু হয় এবং হঠাৎ ভারী বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠে।