তোপের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের সেমিফাইনালের প্রথম ম্যাচে আজ রাত ১টায় মুখোমুখি হচ্ছে ২০১০ চ্যাম্পিয়ন স্পেন ও ২০১৮ আসরের শিরোপাজয়ী ফ্রান্স। এই ম্যাচের আগে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। ফ্রান্সের জাতীয় ফুটবল দল নিয়ে তিনি দাবি করেন, দলটিতে ‘কোনো ফরাসি খেলোয়াড় নেই’। এরপরই স্পেন ও ফ্রান্স দুই দেশেই তার বক্তব্যের তীব্র সমালোচনা শুরু হয়েছে। স্পেনের অনলাইন সংবাদমাধ্যম এল ডেবাতে প্রকাশিত এক মতামতে রাজয় এ মন্তব্য করেন।

স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রাজয়ের মন্তব্যকে ‘বিদ্বেষমূলক’ বলে আখ্যা দিয়েছেন। এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, একটি দেশের পরিচয় কারও পদবি, জন্মস্থান বা গায়ের রঙ দিয়ে নির্ধারিত হয় না। বরং যারা দেশকে ভালোবাসে এবং দেশের জন্য কাজ করেন, তারাই সেই দেশের মানুষ।

ফ্রান্সেও এ মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ দেখা গেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেন, এ ধরনের মন্তব্য ‘একেবারেই গ্রহণযোগ্য নয়’। দেশটির ওভারসিজ টেরিটরিজ-বিষয়ক মন্ত্রী নাঈমা মুতশু বলেন, ফ্রান্সের জাতীয় দল সফল হলেই এ ধরনের বর্ণবাদী মন্তব্য সামনে আসে।

এ দিকে মাদ্রিদে ফ্রান্স দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, ফরাসি দলের ২৬ সদস্যের মধ্যে ২৩ জনই ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন। বাকি তিনজন বিদেশে জন্মালেও তারা সবাই ফরাসি নাগরিক।