ঝুট ব্যবসার দ্বন্দ্বে বাবাকে গুলি করল ছেলে, আহত ৩

Printed Edition

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের ভালুকায় বিএনপি নেতা খোকা মিয়া ও তার ছেলে যুবদলকর্মী তোফায়েল আহাম্মেদ রানার মধ্যে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মারামারি, গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় খোকা মিয়াসহ কমপক্ষে তিনজন আহত হয়েছেন। ভুক্তভোগীর দাবি তার ছেলেই তাকে গুলি করেছে। আহতদের দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া নারিশ কারখানা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এক পক্ষের একটি অফিস ভাঙচুর করা হয়।

থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, ঝুট ব্যবসাসহ বিভিন্ন বিষয় নিয়ে উপজেলার হাবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া গ্রামের উপজেলা বিএনপি সদস্য ও যুবদলকর্মী বাবা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সামাজিক সালিস-বৈঠক হলেও বিষয়টি সুরাহা হয়নি। খোকা মিয়ার বাধার কারণে বাড়ির সামনে নিজের অফিসে বসতে পারছিলেন না ছেলে তোফায়েল। ঘটনার দিন দুপুরে উভয়ের মধ্যে কথা কাটাকাটির ও মারামারির ঘটনা ঘটে। আহত খোকা মিয়া স্থানীয় সাংবাদ কর্মীদের জানান, দীর্ঘদিন ধরেই তার ছেলের সাথে ব্যবসাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। ঘটনার সময় তার ছেলেই তাকে দুই রাউন্ড গুলি করেছে। এ ব্যাপারে তোফায়েল আহাম্মেদ রানার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত ডা: মিনারা আক্তার জানান, দুপুরের দিকে খোকা মিয়া (৫২) এবং খোকন (৪২) নামে দুইজন রোগী আসে। আহত খোকা মিয়া গুলিতে আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।