বিভিন্ন স্থানে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদে গতকাল মঙ্গলার দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সেমিনার, রক্তের চাপ, গ্রুপ পরীক্ষাসহ নানা স্বাস্থ্য সেবামূলক কর্মসূচি পালিত হয়েছে। সভা-সেমিনারে বক্তারা আধুনিক চিকিৎসা ব্যবস্থার বাস্তবসম্মত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিজ্ঞানের সঠিক ব্যবহারের দাবি তুলে ধরেন।
বগুড়া অফিস জানায়, র্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে র্যালি শেষে সিভিল সার্জন ডা: খুরশীদ আলমের সভাপতিত্বে কর্যালয়ে বন্ধন সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডা: নূর-ই শাদীদ, জেলা তথ্য অফিসার মাহফুজুর রহমান, টিএমএসএস-এর উপ-নির্বাহী পরিচালক ডা: মতিউর রহমান। তাৎপর্য তুলে ধরেন বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা: তারেক রেজা।
চুয়াডাঙ্গা থেকে প্রতিনিধি জানান, র্যালি পরবর্তী সিভিল সার্জন কার্যালয়ে সার্জন ডা: হাদী জিয়া উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা। শুরুতে কি নোট উপস্থাপন করেন মেডিক্যাল অফিসার ডা: সাজিদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা: বিদ্যুৎ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক দীপক কুমার সাহা, ডা: শামীমা ইয়াসমিন প্রমুখ।
পঞ্চগড় প্রতিনিধি জানান, সিভিল সার্জন অফিসের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা: মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আফরোজা বেগম, মেডিক্যাল অফিসার ডা: জান্নাতুন ফেরদৌস, সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: সামান্তা আক্তার প্রমুখ।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলম, পিপিএম, উপ-পরিচালক মৌসুমী মাহবুব, সিভিল সার্জন ডা: কামরুল জমাদ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আহাম্মদ কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী। সভায় বিভিন্ন দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন।
সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, গণস্বাস্থ্য কেন্দ্র, সাভার এর পিএইচএ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের এমপি ডা: দেওয়ান সালাউদ্দিন। এর আগে তার নেতৃত্বে র্যালিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি, ডিন, শিক্ষক-শিক্ষার্থী, গণস্বাস্থ্য কেন্দ্রে প্রধান নির্বাহী কর্মকর্তা, গণস্বাস্থ্য কেন্দ্রের অঙ্গ সংগঠনের কর্মকর্তা-কর্মচারী, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও মাঠকর্মীরা অংশ নেন। র্যালি শেষে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা: মাহমুদুল হাসান শিকদার।
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা জানান, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইফতেখার জামান, ডা: তন্ময় সরকার, সৈয়দ শাহরিয়ার, ডা: সাইদুল ইসলামসহ চিকিৎসক ও স্থানীয় ব্যক্তিরা। সভায় বক্তারা আধুনিক স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিজ্ঞানের সঠিক ব্যবহারের ওপর জোর দেন।